প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাথান লায়নের নামের পাশে ২১৫ রান! ভড়কাবেন না, ব্যাট হাতে নয় চেন্নাইয়ে বল হাতেই প্রতিপক্ষকে এই রান বিলিয়েছেন অস্ট্রেলীয় অফ স্পিনার। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে কোনো বোলারের ২০০-এর বেশি রান দেওয়ার উদাহরণ ২৮টি। অনাকাঙ্ক্ষিত এই ডাবল সেঞ্চুরিটা একবারের বেশি দুবার করেছেন মাত্র দুজন বোলার, ভারতের ভিনু মানকড় ও পাকিস্তানের সাকলায়েন মুশতাক। সাতটি ‘ডাবল সেঞ্চুরি’ নিয়ে দল হিসেবে ভারতীয়রাই আছে সবার ওপরে। ১৯৩০ সালে এই তালিকার গোড়াপত্তন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার টমি স্কটের হাতে (৫/২৬৬, ইংল্যান্ড)। ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়া দুর্ভাগা বোলারের নাম চাক ফ্লিটউড-স্মিথ। অস্ট্রেলীয় এই চায়নাম্যান বোলার ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েছিলেন ২৯৮ রান।