অন্য রকম ‘অভিষেকের’ অপেক্ষায় এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল থেকে শুধু ছিটকেই গেলেন না, জন্ম দিলেন বিতর্কেরও। নির্বাচকদের ঘোষিত দলে থাকলেও পরদিন অনুশীলন করতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে। শোনা গেল, চোটটা নাকি বিপিএল থেকে বয়ে আনা। এনামুল হক জুনিয়র কি তাহলে চোট গোপন করেই চলে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কায়!বিতর্ক বেশি দূর এগোয়নি। ফিজিও-চিকিৎসকদের এই যুগে চোখ ফাঁকি দিয়ে হ্যামস্ট্রিং চোটের মতো সমস্যা গোপন করা অসম্ভবই। বিপিএলে চোট পেলেও সেটি প্রায় সেরেই গিয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার পরদিন আবারও তা মাথাচাড়া দেয়। বাইরে মৃদু বিতর্ক হলেও প্রধান নির্বাচক আকরাম খান তাই আস্থা রেখেছিলেন এনামুল হক জুনিয়রের ওপর। শ্রীলঙ্কা সিরিজের সময়ই একদিন ডেকে জানিয়ে দিয়েছিলেন, ৯০ শতাংশ সম্ভাবনা আছে তাঁর জিম্বাবুয়ে যাওয়ার। অনুশীলনটা যেন চালিয়ে যান। সেই এনামুল কাল সন্ধ্যায় দলের সঙ্গে উঠে গেছেন জিম্বাবুয়ে যাওয়ার বিমানে। যাওয়ার আগে বলে গেলেন, ‘এই সফর আমার কাছে একটা চ্যালেঞ্জ।’সব খেলাই সব খেলোয়াড়ের জন্য চ্যালেঞ্জ। কিন্তু এনামুলের জন্য এবারের জিম্বাবুয়ে সফর চ্যালেঞ্জ বাস্তবিক অর্থেই। সর্বশেষ ওয়ানডে খেলেছেন প্রায় পৌনে চার বছর আগে। এরও মাস খানেক আগে সর্বশেষ টেস্ট। এত দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পারফর্ম করাটা তো চ্যালেঞ্জই। এনামুলও তা মানছেন, ‘জিম্বাবুয়েতে কিছুটা হলেও চাপে থাকব আমি। এত দিন পর খেলব...ভালো না করলে কীভাবে হবে?’টেস্টে ফিরলে সেটি হবে হারারেতে, যেখানে ভালো কিছুর স্বপ্ন দেখেন শুধু পেসাররাই। এনামুল নিজেও বললেন, ‘হারারের উইকেটে স্পিনারদের জন্য কিছু নেই বলেই জানি। খেলার সুযোগ পেলে আমার কাজ হবে মূলত রান আটকানো। এটাতে সফল হয়ে দু-একটা উইকেটও যদি পেয়ে যাই, তাহলে তো ভালোই।’হারারের উইকেট সম্পর্কে যা জেনেছেন, সবই সতীর্থদের মুখে। ২০০৯ সালে জিম্বাবুয়ে সফরে দলে থাকলেও সেবার সব ম্যাচই হয়েছিল বুলাওয়েতে এবং সবই ওয়ানডে। ২০০৫ ও ২০০৭ সালে ‘এ’ দলের হয়ে সফরেও কোনো ম্যাচ ছিল না হারারেতে। জিম্বাবুয়েতে এখনো টেস্ট খেলা হয়নি এনামুলের, হারারেতে খেলেননি কোনো ধরনের ম্যাচই। এবার জিম্বাবুয়ের মাটিতে টেস্ট ‘অভিষেক’ হলে হারারেতেও ‘অভিষেক’ হবে বাঁহাতি এই স্পিনারের।সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবশ্য প্রতিপক্ষ জিম্বাবুয়েই। বড় দলের বিপক্ষে হারলে জাত যায় না, কিন্তু জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের হারা মানে দেশে রীতিমতো তদন্ত কমিশন বসে যাওয়া। হারারের উইকেট যেমনই হোক, প্রতিপক্ষের নাম জিম্বাবুয়ে বলে এনামুলের কাছে প্রত্যাশা থাকছেই। কারণ, ২০০৫ সালের সেই সিরিজ।বাংলাদেশের প্রথম টেস্ট ও সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল এনামুলের। চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে। ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সবচেয়ে কম বয়সে ৭ উইকেট নেওয়ার রেকর্ডটিও হয়ে যায় তাঁর। পরের ইনিংসে ৫ উইকেট নিয়ে সবচেয়ে কম বয়সে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডও। ভেঙে দিয়েছিলেন দুই ‘ডব্লু’ ওয়াকার ইউনিস ও ওয়াসিম আকরামের রেকর্ড। ঢাকা টেস্টে ২০০ রানে ১২ উইকেট এখনো বাংলাদেশের পক্ষে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড। টেস্টে বাংলাদেশের কোনো বোলারের ১০ উইকেট নেওয়ার একমাত্র কীর্তিও এটিই।অথচ এর পরও দলে স্থায়ীই হতে পারেননি এনামুল। ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেকের পর সাড়ে ৯ বছরে খেলেছেন মাত্র ১৪টি টেস্ট! তবে এনামুল পেছন ফিরে তাকাতে চান না। তিনি করছেন অন্য হিসাব, ‘একটাই লক্ষ্য—দলের জন্য কিছু করতে হবে। বাংলাদেশের দুটি টেস্ট সিরিজ জেতা দলেই আমি ছিলাম। এবারও তাই হবে ইনশা আল্লাহ।’