অন্য রঙের ফুটবল-পৃথিবী
ব্রাজিলিয়ান সুপার মডেল জিসেল বুন্ডশেনের নাম আরও আগেই শুনেছেন। সেই যে ১২ জুন বিশ্বকাপ শুরুর আগেই যখন বিশ্বকাপবিরোধী আন্দোলনের আগুনে জ্বলছিল ব্রাজিল, শোনা গেল প্রথম বিশ্বকাপের ট্রফি প্রদান অনুষ্ঠানে দিলমা রুসেফ আসবেন না।
নিজের গায়ে ক্ষোভের আঁচটা ঠিকই টের পাচ্ছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট। বুঝতে পেরেছিলেন, বিশ্বকাপ উপলক্ষে রাষ্ট্রীয় কোষাগার থেকে ১১.৫ বিলিয়ন ডলার খরচ করে কতটা অজনপ্রিয় হয়ে গেছেন জনতার হৃদয়ে। বুঝতে পেরেছিলেন, মারাকানায় ট্রফি প্রদান অনুষ্ঠানে আসার পথে তাঁকে ঘিরে ধরতে পারে ক্রোধ ও ক্ষোভের লকলকে আগুন। তখনই উঠল বুন্ডশেনের নাম। রপ্তানি মূল্যে ব্রাজিলের ‘শীর্ষ পাঁচের অন্যতম’। তাঁর পাশে থাকা নামটি কেন কার্লোস পুয়োল? বিশ্বকাপ ফাইনালের ভেন্যুতে ট্রফি বয়ে আনা দলের মধ্যমণি একজন ফুটবলারই থাকেন। কিন্তু তিনি তো হবেন কেবলই আগের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাহলে ইকার ক্যাসিয়াস নন কেন?
ফিফা বিস্তারিত ব্যাখ্যায় যায়নি। শুধু জানিয়েছে, ফিফা ও রয়্যাল স্প্যানিশ ফেডারেশনই ঠিক করেছে মারাকানায় বুন্ডশেনের সঙ্গে ট্রফি উন্মোচন করবেন ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের সহ-অধিনায়ক কার্লোস পুয়োল। ফিফা না বললেও চলছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনও নাই-বা খুলে বলল আসল কারণ। ফুটবলের গোটা পৃথিবী অনুমান করতে পারে। যে ব্রাজিলে প্রথম রাউন্ডেই নির্মমভাবে স্বপ্ন খুন হলো স্পেনের, যে ব্রাজিলে লাল গোলাপদের টিকিটাকা নামের ফুটবল-বিপ্লব ধ্বংস হলো, সেখানে কেন আবার ফিরবেন স্পেন অধিনায়ক? কেন হৃদয় খুঁড়ে বেদনা জাগিয়ে তুলতে যাবেন আবার?
এই লেখা যখন পড়ছেন, ব্রাজিলের হলুদ-সবুজ পটভূমিতে হয়তো নেচে বেড়াচ্ছে লাল-কালো-সোনালির ক্যানভাস। কিংবা আকাশি-নীল দীপাবলি। ফাইনালে জার্মানি না আর্জেন্টিনা জিতেছে, সেটি আপনার জানা হয়ে গেছে। আগামী চার বছরের জন্য ফুটবলের পৃথিবীর রংটা মিশে যাবে বিজয়ীদের জার্সির রঙে।
ব্রাজিল দেশটি সবচেয়ে সবুজ। যেহেতু এ দেশই ধারণ করে আছে পৃথিবীর মহা অরণ্য আমাজন। ব্রাজিলের আকাশ অসম্ভব রকমের নীল। কেননা, আটলান্টিকের অতল জলরাশির সঙ্গে এ দেশের নিঃসীম নীলিমার প্রগাঢ় ভালোবাসা। ব্রাজিলের মানুষের হৃদয়ের রং সোনালি। এ দেশটির অজস্র সৈকতের বালুকাবেলায় চিক চিক করে যে সোনালি রোদ্দুর। এ দেশটির ছন্দের নাম সাম্বা। যাতে শরীরী ছন্দ সংগীতের ঐকতানে একাকার। ১৯৫০-এর পর ২০১৪। ৬৪ বছর পর ফুটবল আর সাম্বার দেশ যে বিশ্বকাপ উপহার দিল, তার মধ্যে এই সবগুলো উপকরণই তো গেল মিশে। সবুজ, নীল, সোনালি রঙের সঙ্গে সাম্বা। যদিও যৎকিঞ্চিত সাম্বা দেখা গেল ১২ জুনের উদ্বোধনী আর ১৩ জুলাইয়ের সমাপনী অনুষ্ঠানে। কলম্বিয়ান পপ তারকা শাকিরার ‘লা লা লা’র সঙ্গে ব্রাজিলীয় শিল্পী ইভতে সাঙ্গালো শ চারেক সহশিল্পীকে নিয়ে পরিবেশন করলেন সাম্বা। কিন্তু এই সাম্বা শুধু পরিবেশনের নামান্তর হয়ে রইল, যেখানে ব্যাপ্ত শুধু অতিথি সৎকারের আনুষ্ঠানিকতা। আসলে তা রোদনে ভরা। ব্রাজিল তো নীরব হয়ে ছিল সাম্বা ফুটবলারদের বিজয়ের অহংকারে সাম্বার সবটুকু রং-রূপ-রস নিয়ে ধরা দেবে বলে। সে জন্যই হয়তো আমরা গ্যালারিতে গ্যালারিতে সাম্বা দেখিনি। দেখেছি শুধু হলুদ জার্সির উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাস আজ কান্না। আর হতাশার প্লাবনে মিশেছে সবটুকু হলুদ। ২০০৭ সালে ২০তম বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকে যে দেশটি হেক্সার (ষষ্ঠ শিরোপা) প্রার্থনায় এক হয়ে ছিল, তাদের স্বপ্নভঙ্গ হলো সেমিফাইনালে। নির্মম জার্মান বুলডোজারে ষষ্ঠ শিরোপার স্বপ্নই শুধু পিষ্ট হলো না, পিষ্ট হলো আসলে ফুটবল নামের ভালোবাসা।
এই বিশ্বকাপ আসলে বেদনার। মর্মস্পর্শী। স্প্যানিশ ফুটবলের লাল গোলাপকে খুন করল এই বিশ্বকাপ। এই বিশ্বকাপই স্বদেশের সবুজ চৌকোনায় রক্ত ঝরাল ফুটবল নামের আবেগের। ১৯৫০ সালে উরুগুয়ের কাছে ব্রাজিলের ‘ফাইনালে’ হারের পর ব্রাজিলীয়দের কাছে চির আক্ষেপের মর্মন্তুদ কাহিনি ‘মারাকানাজো’র জন্ম। প্রজন্ম বদলেছে। তবু সেই মারাকানাজো ভুলতে পারেনি ব্রাজিল। সেটি ভুলতেই তো এই ২০১৪ সালে আবার সেখানে বিশ্বকাপের আবাহন। কিন্তু এবার সেমিফাইনালে ঘটল ‘মিনেইরাওজো’—জার্মানির কাছে ব্রাজিলের সাত গোলে ধ্বংসের সাক্ষী হলো বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়াম। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ছিল সেমিফাইনালে বিধ্বস্ত ব্রাজিলের একটু সান্ত্বনার উপলক্ষ। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়াম দেখল ‘মানে গারিঞ্চাজো’—হল্যান্ডের কাছে ব্রাজিল ধ্বস্ত হলো তিন গোলে!
এই বিশ্বকাপ খুলেছে অনেক আনন্দেরও উৎসমুখ। ছোট দলগুলো বড়দের সঙ্গে সমানে টক্কর দিয়ে দেখিয়েছে, ‘আমরাও পারি। একদিন আমরাও....।’ ব্রাজিল আর স্পেনের ধ্বংসাবশেষের ওপর ওড়াল নতুনের বিজয় পতাকা। জার্মানি ও আর্জেন্টিনার হাত ধরে নতুন করে ফিরিয়ে আনল ফুটবল ঐতিহ্যের সনাতনী গান।
ব্রাজিলের পালা ফুরোল। গোলাপ লাল ফুটবলের রং আগামী চার বছরের জন্য গেল বদলে। চার বছর পর রাশিয়া ২০১৮তে আবার নতুন কোনো রঙের সন্ধানে নামবে ফুটবলের পৃথিবী!