অন্য রোনালদো

উদ্ধত, প্রচারসর্বস্ব! এমন কত কথাই শোনা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। যাঁরা এসব সত্যি ভেবে বসে আছেন, তাঁরা এবার ধারণাটা পাল্টে ফেলতে পারেন। ১০ মাস বয়সী এক গুরুতর অসুস্থ শিশুর পাশে এসে দাঁড়িয়েছেন ‘সি আর সেভেন’।
এরিক অরতিজ ক্রুজ নামের এই শিশুটি জন্মানোর পর থেকেই ভুগছে মস্তিষ্কের জটিল রোগে। অস্ত্রোপচার করতে অন্তত ৫০ হাজার ইউরো দরকার এরিকের। তা ছাড়া প্রতিদিনের চিকিৎসার জন্যই খরচ হয় অন্তত ছয় হাজার ইউরো। এই বিপুল অর্থ জোগান দেওয়ার সামর্থ্য নেই এরিকের মা-বাবার। সে জন্যই তাঁরা তহবিল গড়ার উদ্যোগ নেন।
ব্যাপারটা জানতে পেরে এগিয়ে আসেন রোনালদো। প্রথমে ঠিক করেছিলেন বুট ও জার্সি সই করে এরিকের চিকিৎসায় সাহায্য করবেন। পরে নিজেই পুরো অর্থটা দেওয়ার সিদ্ধান্ত নেন।
মানুষের পাশে দাঁড়ানোর ঘটনা এটিই তাঁর প্রথম নয়। গত নভেম্বরেই ঘোষণা দিয়েছিলেন ফিফা-ব্যালন ডি’অর পেলে সেটি লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের সঙ্গে উদ্যাপন করবেন।
কাকতালীয় কি না, পরশু নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। সিরিয়ার শরণার্থী শিবিরের এক কিশোরের গায়ে ‘সি আর সেভেন’ জার্সি। আহ্বান জানিয়েছেন শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করার। ওয়েবসাইট।