অন্য লিভারপুলকে দেখছেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্ষণ সামলানোই তাঁর মূল কাজ। এ ম্যাচে দলকে এনে দিলেন সমতা ফেরানো গোলও। ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির উদ্যাপনেও তাই বাড়তি রং । এএফপি
রক্ষণ সামলানোই তাঁর মূল কাজ। এ ম্যাচে দলকে এনে দিলেন সমতা ফেরানো গোলও। ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির উদ্যাপনেও তাই বাড়তি রং । এএফপি

হোসে মরিনহোর কাছ থেকে এটি কিছুটা অপ্রত্যাশিতই। লড়াইয়ে নামার আগে দিব্যি প্রতিপক্ষের প্রশংসা করছেন, কথার তির ছোড়ার বদলে বাড়িয়ে দিচ্ছেন বন্ধুত্বের হাত! পয়েন্ট তালিকায় তাঁর দল এগিয়ে থাকার পরও বলছেন শিরোপা জয়ের ক্ষেত্রে বেশি সুবিধাজনক অবস্থানে লিভারপুল। স্বঘোষিত ‘দ্য স্পেশাল ওয়ান’-এর ভাবমূর্তির সঙ্গে যায় কি?
আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিকে শীর্ষ দুটি স্থান ছেড়ে দিয়ে ৩ নম্বরে চেলসি। চার নম্বরে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্ট। তবে এসব হিসাবই ওলট-পালট করে দিতে পারে আজ ও কালকের প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। বড় পরীক্ষাটা আসলে চেলসিকেই দিতে হবে, কারণ স্ট্যামফোর্ডে কাল ওরা আতিথ্য দেবে ব্রেন্ডন রজার্সের দলকে। এ বছরে নিজেদের শেষ ম্যাচটার ভীষণই গুরুত্ব চেলসি কোচের কাছে, ‘সবাই জানে এই মুহূর্তে চেলসি, লিভারপুল, আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি সেরা চার দল। সুতরাং নিজেদের মধ্যে এ রকম ম্যাচে লক্ষ্য হচ্ছে যত বেশি পয়েন্ট নেওয়া।’
তবে এই লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা বললেও শিরোপার দাবিদার হিসেবে লিভারপুলকে এগিয়ে রাখতে দ্বিধা নেই মরিনহোর, ‘ওরা ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় খেলছে না, এটা ওদের একটা বাড়তি সুবিধা দিচ্ছে এবার। আমার দল যেমন ৬০টার মতো ম্যাচ খেলবে এবার, অথচ লিভারপুল খেলবে ৪০টির মতো ম্যাচ। ওরা অনেক বেশি সময় পাবে।’ তবে এই সুবিধাটুকু ছাড়াও এই মৌসুমে লিভারপুলের পারফরম্যান্সের জন্য কোচ রজার্সের প্রশংসায় পঞ্চমুখ মরিনহো, ‘ও দারুণ ভালো করছে। ও প্রতিদিন, এমনকি মনে হয় দিনে দুবার করেও দলকে অনুশীলন করাচ্ছে।’
কাল মুখোমুখি হওয়ার আগে তাই রজার্স ও তাঁর দল লিভারপুলকে সমীহ মরিনহোর, ‘এটা কোনো দ্বৈরথ নয়, কারণ রজার্স আমার খুব ভালো বন্ধু। লিভারপুলের মতো দল এবং এর ঐতিহ্যকে আমি শ্রদ্ধা করি।’ ওয়েবসাইট।