অন্য লড়াইয়েও জয় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জয়ের লড়াই শেষে পুরস্কারে ভাসছে বাংলাদেশ দল। এর মধ্যেই লড়াই চলছে আরও একটা। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও নাজমুল হোসেনের সে লড়াই ইনজুরিকে হারানোর।বিসিবির মেডিকেল রুম থেকে আসা সুখবর—ইনজুরির সঙ্গে লড়াইয়েও জয় সমাগতপ্রায়। নাজমুল তো আরও দিন তিনেক আগেই আহত আঙুলের ব্যান্ডেজ-সেলাই খুলে ফেলেছেন। সুখবর আছে মাশরাফি আর তামিমকে নিয়েও। অ্যাঙ্কেলের ফোলা-ব্যথা দুটোই অনেক কমে যাওয়ায় কাল থেকে দৌড়াতে শুরু করেছেন মাশরাফি। আর তামিম তো কাল নেটে বোলিং মেশিনে ব্যাটিংও করলেন!নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচের শেষ বলে হাতে চোট পাওয়া নাজমুলের কথায় কাল উৎফুল্লভাব, ‘অল্প একটু ফোলা থাকলেও ব্যথা নেই। চাইলে জাতীয় লিগের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারতাম। কিন্তু ঝুঁকি এড়াতে ফিজিও দ্বিতীয় বা তৃতীয় ওয়ানডে থেকে খেলতে বলেছেন।’নাজমুলের তুলনায় মাশরাফি-তামিমের চোট অনেক জটিল ছিল। প্রথম ওয়ানডেতেই ডান অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়েছে মাশরাফির। তামিমের ডান হাতের তালুর উল্টো পিঠে গত ১৩ সেপ্টেম্বর অস্ত্রোপচার করা হয়েছে অস্ট্রেলিয়ায়। অস্ত্রোপচারের পর মেলবোর্নের বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয় জানিয়েছিলেন, খেলায় ফিরতে ৬ থেকে ৮ সপ্তাহ লাগবে। তামিমের বিশ্বাস, মাঠে ফিরতে পারবেন এই সময়ের মধ্যেই, ‘পাঁচ সপ্তাহের মতো হয়েছে...হাতের অবস্থা এখন খুবই ভালো। ব্যথা নেই, ফোলা নেই। বুক ডন দিতে পারছি। বোলিং মেশিনে ব্যাটিংও করলাম কোনো সমস্যা ছাড়াই।’চাইলে আর কয়েক দিনের মধ্যেই খেলায় ফিরতে পারেন, এমন আত্মবিশ্বাস জাতীয় দলের এই বাঁহাতি ওপেনারের। তবে জিম্বাবুয়ে সিরিজের যেহেতু আরও দুই মাস, ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না, ‘ফিজিও চাইছেন সবকিছু সময় নিয়ে হোক। সে কারণেই তাড়াহুড়ো করছি না। তবে ইচ্ছা আছে জাতীয় লিগের শেষ এক-দুইটা ম্যাচ খেলার।’অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় মাশরাফিও জাতীয় লিগের শেষ দিকে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী, ‘সামনের সপ্তাহ থেকে হয়তো ছোট রানআপে বোলিং শুরু করব। ইচ্ছা আছে জাতীয় লিগের শেষ ওয়ানডেটা খেলার।’ বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী আশার কথাই শোনাচ্ছেন মাশরাফিকে নিয়ে, ‘খুব ভালো উন্নতি হচ্ছে ওর। তবে সব মিলিয়ে ছয় সপ্তাহ লাগবেই। আমাদের ইচ্ছা আছে ওকে জাতীয় লিগে অন্তত একটা ওয়ানডে খেলার সুযোগ করে দেওয়ার।’ দেবাশিস আশাবাদী তামিমকে নিয়েও, ‘এখন পর্যন্ত যা উন্নতি, তামিমের অবস্থা খুবই ভালো বলতে হবে। কবজির এক্সারসাইজের জন্য আমাদের হাতে একটা নতুন পাওয়ার বল এসেছে। এই ট্রেনিংটা যদি ও ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে বুঝতে হবে আর কোনো সমস্যা নেই। আশা করি, তামিমও জাতীয় লিগের শেষ দিকে এক-দুইটা ম্যাচ খেলতে পারবে।’ছোটখাটো সমস্যা থাকায় ইমরুল, জুনায়েদ, রুবেল ও নাঈমকে জাতীয় লিগের প্রথম ম্যাচটা না খেলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি যা বলছে, তাতে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া যাবে সবাইকেই। এখন জাতীয় লিগে যদি জ্বলে ওঠেন মোহাম্মদ আশরাফুলও, জিম্বাবুয়ে সিরিজের আগে মধুর সমস্যাতেই পড়তে হবে রফিকুল আলমের নির্বাচক কমিটিকে। একদিকে সিরিজ-জয়ী দল অন্যদিকে ইনজুরি আর বাজে সময়কে হারিয়ে ফেরারা—কাকে বাদ দিয়ে কাকে নেবেন দলে! নিউজিল্যান্ড সিরিজে জুনায়েদ ও রকিবুলের বাজে ফর্ম সেই মধুর সমস্যার একটা সমাধান হতেও পারে। তবে প্রধান নির্বাচক রফিকুল আলমের দর্শন একটু ভিন্ন, ‘সব সময় সেরা খেলোয়াড়দেরই খেলতে হবে, এমন কোনো কথা নেই। কন্ডিশন, প্রতিপক্ষ, ফর্ম—সব মিলিয়ে যার খেলার দরকার, সে-ই খেলবে। আর সাইড বেঞ্চেও যদি ভালো ভালো খেলোয়াড় থাকে, সেটা তো সমস্যা নয়, এটা তো আমাদের জন্যই ভালো।’ভালো সময়ের মধ্যে থাকা বাংলাদেশের ক্রিকেটে এই ‘ভালো সমস্যা’টাও নতুনই।