অন্য 'ডেসিমা'র খোঁজে ক্যাসিয়াস

রিয়াল মাদ্রিদের আকাশে-বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে একটাই শব্দ। ‘ডেসিমা’। যে ডেসিমার অপেক্ষায় ইউরোপের সবচেয়ে ধনী এ ক্লাবটির সমর্থকেরা কাটিয়েছেন দীর্ঘ ১২টি বছর। কিন্তু অধিনায়ক ইকার ক্যাসিয়াসের জন্য ‘ডেসিমা’ শব্দটির ব্যক্তিগত একটা তাত্পর্যও আছে। আজ শিরোপা জিততে পারলে ক্যাসিয়াস পূর্ণ করতে পারবেন নিজের ক্যারিয়ারের ‘ডেসিমা’। আজ জিতলে খেলোয়াড় হিসেবেও ক্যারিয়ারের দশম ফাইনাল জয় করবেন ক্যাসিয়াস।
রিয়াল যেন এবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারে—সেটা বোধ হয় অন্য যে কারও চেয়ে কয়েক গুণ বেশিই চাইবেন ক্যাসিয়াস। স্প্যানিশ এই গোলরক্ষকই রিয়ালের বর্তমান দলের একমাত্র সদস্য, যিনি উপস্থিত ছিলেন ২০০২ সালের সেই শিরোপা জয়ের উল্লাসে। সাফল্যমণ্ডিত ফুটবল ক্যারিয়ারটা নিশ্চয়ই এই ‘ডেসিমা’ আক্ষেপ নিয়ে শেষ করতে চাইবেন না ক্যাসিয়াস!
তাঁর উপস্থিতি নিশ্চিতভাবে প্রেরণা জোগাবে রিয়ালকেও। ক্যাসিয়াসের যে বড় আসরগুলোতে ব্যর্থ হওয়ার রেকর্ড খুবই কম। এর আগে ক্লাব ও স্পেনের হয়ে ১০টি ফাইনাল খেলেছেন ক্যাসিয়াস। হেরেছেন মাত্র একটিতে। ফাইনালের একমাত্র পরাজয়টি এসেছে গত কনফেডারেশনস কাপে। ১৯৯৭ সালে অনূর্ধ্ব-১৬ ইউরো কাপ থেকে শুরু করে এ বছরের কোপা ডেল রে পর্যন্ত ক্যাসিয়াসের ফাইনালের এই অবিশ্বাস্য রেকর্ড চলে আসছে।
২০০০ ও ২০০২ সালে রিয়ালের অষ্টম ও নবম চ্যাম্পিয়সন লিগ শিরোপা জয়ী দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন ক্যাসিয়াস। ২০০৮ ও ২০১০ সালে স্পেনের অধিনায়ক হিসেবে জিতেছিলেন ইউরো কাপ ও বিশ্বকাপ। ২০১১ সালের কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। সেই ম্যাচেও বিশ্বস্ত হাতে রিয়ালের গোলবার আগলেছিলেন ক্যাসিয়াস। পরের বছর সাফল্য জাতীয় দলের হয়ে। ২০১২ সালের ইউরো কাপ। চলতি বলতে আবার বার্সাকে হারিয়ে কোপা ডেল রের শিরোপা জয়। এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে ১৯৯৯ সালে স্পেনের হয়ে জিতেছিলেন মেরিডিয়ান কাপ।
সব মিলিয়ে মোট নয়টি ফাইনালেই সফল হয়েছেন ক্যাসিয়াস। আজ লিসবনে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলেই ক্যাসিয়াস পূর্ণ করতে পারবেন নিজের ক্যারিয়ার ডেসিমা। এ সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক অবশ্য নিজের ব্যক্তিগত অর্জনের কথা একেবারেই ভাবছেন না। ক্যাসিয়াস চ্যাম্পিয়নস লিগটা জিততে চান সমর্থকদের জন্যই, ‘আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে চাই মাদ্রিদের সমর্থকদের জন্য। সাম্প্রতিক বছরগুলোতে তাঁরা অনেক হতাশ হয়েছেন। আশা করছি, আমরা এবার তাঁদের সাফল্যের মুখ দেখাতে পারব।’
দল জিতলে তাঁর নিজের জেতাটাও যে হয়ে যায়!