অন্যকলাম
আর নয় সন্তান
বেশি দিন শূন্যতা সহ্য হয় না তাঁর হৃদয়ে। লিজ হার্লির সঙ্গে ছাড়াছাড়ির পর দ্রুতই নতুন শূন্যতা পূরণ করে ফেলেছিলেন শেন ওয়ার্ন। নতুন এই গার্লফ্রেন্ডের নাম এমিলি স্কট—প্লেবয় সাময়িকীর প্রচ্ছদকন্যা। তাঁর সঙ্গে সম্পর্কটাও এখন ছেঁড়া কাগজের টুকরো! এমনিতে সম্পর্ক ভাঙতে কিংবা গড়তে কোনো কারণ লাগে না ওয়ার্নের। তবে স্কটের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ বলতে গিয়ে দারুণ এক ‘গুগলি’ দিয়েছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি! বেচারি স্কট নতুনভাবে জীবন শুরু করতে চেয়েছিলেন, সন্তানের মা হতে চেয়েছিলেন। কিন্তু তিন সন্তানের বাবা ওয়ার্ন আর কোনো সন্তানের বাবা হতে চান না বলেই এই সম্পর্কচ্ছেদ। বৃহস্পতিবার মেলবোর্নভিত্তিক একটি রেডিও স্টেশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন শেন ওয়ার্ন। ওয়ার্নের বোধ হয় এখন একটাই দর্শন, বান্ধবী হোক যত খুশি, সন্তান আর নয়! এনডিটিভি স্পোর্টস।
এমন সমর্থক
স্বামী সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব আল হিলালের পাঁড় সমর্থক। আগামী শনিবার এশিয়ান লিগ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ক্লাবটি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ক্লাবের মুখোমুখি। প্রিয় ক্লাবের ফাইনাল ম্যাচ, ভদ্রলোকের একটু উত্তেজিত ও রোমাঞ্চিত থাকাই স্বাভাবিক। সেই উত্তেজনার পারদ মাথায় চড়ে গেল, যখন স্ত্রী কথাচ্ছলে দুষ্টুমি করে বললেন, ‘আমি তোমার ক্লাবকে সমর্থন করি না!’ রেগেমেগে অগ্নিশর্মা স্বামী বলে বসলেন, ফাইনালে আল হিলাল যদি হেরে যায়, তাহলে সঙ্গে সঙ্গেই স্ত্রীকে তালাক দিয়ে দেবেন! এ ঘটনার পর স্ত্রী একটি আইনি সহায়তা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন, সেখান থেকেই গণমাধ্যমে চলে আসে খবরটি। এমন ‘সমর্থক’ পেয়ে ক্লাবটিও নিশ্চয়ই বিব্রত! গালফ নিউজ।
দত্তক গ্রাম!
সেলিব্রিটিদের সন্তান দত্তক নেওয়ার ঘটনা তো হরহামেশাই শোনা যায়। কিন্তু কখনো ‘গ্রাম’ দত্তক নেওয়ার ঘটনা শুনেছেন? সে রকম একটা ঘটনাই ঘটেছে। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার দত্তক নিয়েছেন একটি গ্রাম! ঘটনা খুলেই বলা যাক। সম্প্রতি গোরলে রেখা রানী নামের একজন ভারতীয় আয়কর কর্মকর্তা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরার পথে বিমানসঙ্গী হিসেবে পেয়েছিলেন শচীন টেন্ডুলকারকে। ক্রিকেট-ঈশ্বরকে কাছে পেয়ে অনুরোধ জানান তাঁর জেলার যেকোনো একটি গ্রামকে ‘দত্তক’ নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গেই তাতে সায় দেন টেন্ডুলকার। শেষ পর্যন্ত অন্ধ্র প্রদেশের নেলোর জেলার পুত্তামরাজু কানদ্রিকা গ্রামটিকেই বেছে নেন তিনি। টেন্ডুলকার সাড়ে চার কোটি রুপি খরচ করবেন গ্রামটির বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে। একটি অবহেলিত জনপদকে নিজের গ্রামের মতো গড়ে তোলার পরিকল্পনা—এটা তো দত্তক নেওয়াই! টাইমস অব ইন্ডিয়া।