অন্যকলাম
এমন সমর্থন!
ঘরের মাঠে খেলা, অথচ দর্শকদের আশানুরূপ ‘সাড়া’ নেই! ডেভিস কাপের ফাইনালে স্বাগতিক ফরাসি সমর্থকদের আচরণে হতাশ জো-উইলফ্রায়েড সোঙ্গা। তাঁর প্রত্যাশা অনুযায়ী সপ্রাণ নয় ফরাসি সমর্থকেরা। শুক্রবার শুরু হওয়া ফাইনালে স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে পরাজয়ের পর রাখঢাক না করেই সোঙ্গা বললেন, ‘যখন স্তানিসলাস ও ফেদেরারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল তখন গ্যালারিতে যে সাড়া পড়ল, সেটা আমাদের পরিচয় করিয়ে দেওয়ার সময়ের চেয়ে বেশি।’ অথচ সেদিন লিলের পিয়ের মরোয়ি স্টেডিয়ামে উপস্থিত ২৭৪৩২ জনের মধ্যে সুইস দর্শক ছিল মাত্র আড়াই হাজার। ঘণ্টা বাজিয়ে তারা সমর্থন দিয়ে গেছে নিজের দেশের প্রতিযোগীকে। তা তারা দিতেই পারে, কিন্তু সোঙ্গার ক্ষোভটা অন্যখানে, ‘নিজের দেশে আমাকে দুয়ো শুনতে হয়েছে। সম্ভবত সেটা ফরাসিদের নয়, সুইসদের।’ টেনিসডটকম।
উদ্যাপন
ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্যাপন অনেকের চোখে ভাসার কথা। গোলের পর দুই হাত ছড়িয়ে ছোট্ট একটা লাফ। সিআর সেভেনের প্রিয় উদ্যাপনভঙ্গি। তা রোনালদোকে কেউ এটা নিয়ে ব্যঙ্গ করলে সেটি কি সহ্য করবেন? কিন্তু এমন একজন করেছেন, খুব একটা উচ্চবাচ্য বোধ হয় করতে পারবেন না। ইনি যে খোদ কোচ কার্লো আনচেলত্তি! পরশু এইবারের সঙ্গে গোল করার পর রোনালদো চেনা ঢঙে উদ্যাপন করেছেন গোলটা। টিভি ক্যামেরায় দেখা গেল, আনচেলত্তিও যেন রোনালদোর মতো করে উদ্যাপন করলেন। এমনিতে রিয়াল মাদ্রিদ কোচ রাশভারী, নিজেকে গাম্ভীর্যের খোলসেই ঢেকে রাখেন। পরশু বোধ হয় ক্ষণিকের তরে শিশু হয়ে গিয়েছিলেন, তা না হলে একটা গোলের জন্য কেমন এতটা উচ্ছ্বসিত হবেন! ইএসপিএন।
বলিউডে শ্রীশান্ত
ক্রিকেটে এখন অচ্ছুত, ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে হয়েছেন আজীবন নিষিদ্ধ। তবে শ্রীশান্তের ভাগ্য ভালো, যেদিকে তাকাচ্ছেন সেদিকেই সাগরটা শুকিয়ে যাচ্ছে না। অন্তত এক দিকে আশার আলো দেখতে পেয়েছেন ভারতের সাবেক পেসার! শিগগিরই বলিউডে অভিষেক হয়ে যাচ্ছে শ্রীশান্তের, সামনের জানুয়ারিতেই মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ক্যাবারে । পূজা ভাট প্রযোজিত এই চলচ্চিত্রে শ্রীশান্ত নায়িকা রিচা চাড্ডার নাচের শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু এত কিছু থাকতে এই ভূমিকায় কেন? শ্রীশান্ত তাঁর নৃত্যপ্রতিভা একটা রিয়েলিটি শোতে আগেই দেখিয়েছিলেন। সেটাই খুলে দিয়েছে তাঁর ভাগ্য। দেখা যাক, নতুন ক্যারিয়ারে কেমন করেন! এনডিটিভি।