অন্যকলাম
ওবামার উল্টো পরাজয়ের কষ্টটা একদমই সহ্য হয়নি বারাক ওবামার। ২০২২ বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে কাতারের কাছে হেরে যাওয়ার পর হতাশ মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, ‘ফিফা সিদ্ধান্তটা ভুল নিয়েছে।’ তাঁর কথায় কাতারের রাজনীতিক মহল নিশ্চয়ই কষ্ট পেয়েছে। কাতারের সেই কষ্টে প্রলেপ দিতেই হয়তো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন হাঁটলেন ওবামার উল্টো পথে। বাহরাইন সফররত হিলারি শুভেচ্ছা এক বক্তব্যে বলেছেন, ‘কাতারের এই সাফল্যে আমাকে শুভেচ্ছা জানাতে দিন।’ হিলারির এই বক্তব্যে কাতারের কষ্টে না হয় প্রলেপ পড়ল, কিন্তু ওবামার হতাশার ক্ষতে নুনের ছিটাও কি লাগল না! এএফপি। ফার্গিকে উপহার!একি মুরতি গ্লেজারদের! হাড়কিপটে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকেরা কিনা কোচ অ্যালেক্স ফার্গুসনকে বড়দিনের উপহার দিল ১০০ মিলিয়ন পাউন্ড। অন্য সবাই তো বটেই, বিষয়টিতে অবাক হয়ে গেছেন ফার্গুসন নিজেও। এই উপহার আসলে ফার্গুসনের ব্যক্তিগত কোনো উপহার নয়। জানুয়ারির দলবদলের বাজারে খেলোয়াড় কেনার জন্য এই টাকা দিয়েছে গ্লেজাররা। ওল্ড ট্রাফোর্ডে ভীষণ অজনপ্রিয় গ্লেজার পরিবার। ৭০৫ মিলিয়ন পাউন্ড ঋণগ্রস্ত হয়ে ক্লাবটিকে তারা ধ্বংসের মুখেই ঠেলে দিয়েছে বলে ধারণা ম্যানইউ সমর্থকদের। তবে সমর্থকদের কাছে বিরাগভাজন মালিকদের সব সময়ই সমর্থন করে গেছেন ফার্গুসন। বড়দিনের আগে খেলোয়াড় কেনার জন্য এই বিশাল অঙ্কের টাকা দিয়ে মনে হয় কিছুটা প্রতিদান দিল গ্লেজাররা! ওয়েবসাইট। বিবাদবড় শখ করে পছন্দের সব খেলোয়াড় কিনে ‘ছোট নক্ষত্রপুঞ্জ’ গড়েছেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। এখন পর্যন্ত মাঠের যা পারফরম্যান্স, তাতে টাকার বস্তা একেবারে জলে যায়নি, লিগে চতুর্থ তারা। বলা যায়, কক্ষপথেই আছে নতুন পরাশক্তি হয়ে ওঠা সিটি। কিন্তু ঘটনা হলো, মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ম্যান সিটির অন্দরমহল। কদিন আগে স্বয়ং কোচের সঙ্গে বাদানুবাদ হয়ে গেল অধিনায়ক কার্লোস তেভেজের। সেই রেশ কেটেছে কি কাটেনি, এরই মধ্যে আবার বিবাদের খবর। নতুন এই বিবাদে জড়িয়েছেন এ মৌসুমেই নাম লেখানো মারিও বালোতেল্লি ও জেরম বোয়াটেং। অনুশীলনে বালোতেল্লিকে মারাত্মক ট্যাকল করেছিলেন বোয়াটেং। হোক অনিচ্ছায়, বিতর্কের শিরোমণি বালোতেল্লির তাতে প্রবোধ মানবে কেন! রাগ ঝাড়তে তিনি নাকি ঝাঁপিয়ে পড়েন বোয়াটেংয়ের ওপর। এএফপি।