অন্যকলাম
‘পশু’র জেল!পুরো নাম এডমুন্ডো আলভেজ ডি সুজা নেটো। ছেঁটেছুঁটে সবার কাছে যেটা এডমুন্ডো। ব্রাজিলের এই সাবেক স্ট্রাইকারের ডাকনাম—দ্য অ্যানিমল! যখন-তখন মাঠে মেজাজ গরম করে ফেলা, প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বাজে আচরণ—এসবের জন্যই ডাকনামটা উপহার পেয়েছিলেন ব্রাজিলের ১৯৯৮ বিশ্বকাপ দলের সদস্য। মাঠের বাইরেও ‘পশুসুলভ’ আচরণ কি কম করতেন! ১৯৯৫ সালে রিও ডি জেনিরোতে তাঁর গাড়ির ধাক্কায় ভবলীলা সাঙ্গ হয় ৩টি তাজা প্রাণের। এখন এর দণ্ড দিতে হবে একটি টিভি চ্যানেলে সম্প্রতি ধারাভাষ্যকার হিসেবে যোগ দেওয়া এডমুন্ডোর। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। সাড়ে চার বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে। এএফপি। ইংলিশ মুরালিমুরালি কার্তিক, মুরালি বিজয়—ভারতীয় দলে দুজন মুরালি খেলেছেন বটে; কিন্তু মুত্তিয়া মুরালিধরন সংস্করণ কেউ নন। মাঠে যত দিন ছিলেন, মুরালিধরন নামে বিশ্ব একজনকেই চিনত। কিন্তু ইংল্যান্ডে মুরালির একজন ক্লোন আছেন! মুরালির মতোই অফ স্পিনার, মুরালির মতোই বোলিং অ্যাকশন, একই রকম দুসরাও দিতে পারেন। নাম মরিস হোমস। খেলেন ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারে। বিস্ময়কর হলো, ২১ বছর বয়সী এই স্পিনারটিও মুরালির মতোই বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত। ওয়ারইউকশায়ারের হয়ে একটি ম্যাচই খেলেছেন। আম্পায়াররা দুবার তাঁর নামের পাশে লাল দাগ দিয়েছেন। মরিস এখন তাই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাঠগড়ায়। মুরালি অগ্নিপরীক্ষায় উতরে ক্রিকেট মাতিয়েছেন। ‘ইংলিশ মুরালি’ পারবেন? ওয়েবসাইট।বিয়ের জন্যকোনটি আগে—পরিবার না কাজ? করপোরেট যুগে এ এক অন্তহীন বিতর্ক। নানাজনের নানা রকম ব্যাখ্যা আছে। যুক্তরাষ্ট্র ফুটবল দলের কাছে পরিবারই আগে। তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও ল্যানডন ডনোভান আর ক্লিন্ট ডেমসি গেছেন তাঁদের বোনদের বিয়েতে। আগামীকাল জ্যামাইকার বিপক্ষে কনক্যাকাফ গোল্ডকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এমনিতে যুক্তরাষ্ট্রের জন্য জ্যামাইকা কঠিন প্রতিপক্ষ নয়। তবে টুর্নামেন্টের শুরু থেকেই গোল-খরা চলছে যুক্তরাষ্ট্রের। এসব চিন্তা করলে এ ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝরানোরই কথা ডনোভান ডেম্পসিদের। কিন্তু তাঁরা গেছেন বিয়েতে! এটা কি জ্যামাইকা ম্যাচে প্রভাব ফেলবে না? গোলরক্ষক টিম হাওয়ার্ডের মুখে দার্শনিক তত্ত্ব, ‘জীবন অদ্ভুত! পৃথিবীতে সবকিছুই একসঙ্গে চলে।’ ওয়েবসাইট।