অন্যকলাম
লাল-সাদা
বড়দিন আসছে। প্রিয়জনকে কিছু একটা তো না দিলেই নয়। তবে জার্মানরা কিন্তু মনের মতো একটা উপহার পেয়েই গেছে। বিশ্বকাপজয়ী দলের জার্সির চেয়ে ভালো উপহার আর কী হতে পারে! জার্মানিতে এটা নাকি হু হু করে বিকোচ্ছে। পথেঘাটে শুধু চোখে পড়ছে লাল-সাদা এই জার্সি। গত বছর নভেম্বরে এই নতুন জার্সি বের হয়েছিল। এর পর থেকে প্রায় ৩০ লাখ বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রধান নির্বাহী হার্বার্ট হেইনার। ধুম পড়েছে আসলে বিশ্বকাপ জেতার পর। জার্সির গায়ে চারটি বিশ্বকাপের চার তারা লেগেছে। বিক্রিও বেড়েছে কয়েক গুণ। ২০০৬ বিশ্বকাপটা হয়েছিল জার্মানিতে। সেবারের জার্সিটা এই জার্সির অর্ধেকও বিক্রি হয়নি। বড়দিনের এখনো তো কয়েকটা দিন বাকি। এর মধ্যে নিশ্চয়ই আরও অনেক বিক্রি হবে। এএফপি।
আবারও সুয়ারেজ!
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। লুইস সুয়ারেজকেই দেখুন না, পুরোনো ‘অভ্যাসটা’ বার্সেলোনায়ও এসে ধরে রেখেছেন। ছবিটা দেখে বার্সা ভক্তরা হয়তো আঁতকে উঠেছে, এবার কি বার্সা-সতীর্থ পেদ্রোকে কামড়ে দিলেন! না, না, অত ভয় পাওয়ার কিছু নেই। নতুন করে কোনো কামড়-কাণ্ডের জন্ম দেননি বার্সেলোনা স্ট্রাইকার। পরশু কর্দোবার সঙ্গে লিগে নিজের প্রথম গোল পেয়েছেন। সেটির উদ্যাপন করতে গিয়েই ধরা পড়েছেন এভাবে। কে জানে, আসলেই কামড়ে দিতে চেয়েছিলেন কি না। পরে হয়তো মনে পড়েছে, আরে! এ তো আমার সতীর্থ! মেইল অনলাইন।
উপেক্ষা
হয়তো ব্যাপারটা ইচ্ছাকৃত। আবার এমনও হতে পারে, ইচ্ছে করে কাজটা করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পরিস্থিতির কারণে উপেক্ষা করেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে। হাত মেলাননি। ঘটনাটা পরশু ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পাশে দাঁড়িয়ে ছিলেন প্লাতিনি। রোনালদো মঞ্চে এলেন কোচ কার্লো আনচেলত্তির পর। পেরেজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আনচেলত্তি কথা বলছিলেন প্লাতিনির সঙ্গে। পেরেজের আলিঙ্গন থেকে ছাড়া পাওয়ার পর রোনালদো আর প্লাতিনির জন্য অপেক্ষা করেননি। করমর্দন না করে প্লাতিনিকে এড়িয়ে চলে যান। যদি ইচ্ছাকৃত হয়, কারণটা আন্দাজ করা খুব কঠিন কিছু নয়। কয়েক দিন আগেই ব্যালন ডি’অর নিয়ে উয়েফা সভাপতি বলেছিলেন, এবার পুরস্কারটা পাওয়া উচিত জার্মানির কারও, অন্য কারও নয়। মানে পরিষ্কার, এবার ফিফা বর্ষসেরার জন্য রোনালদোকে যোগ্য মনে করছেন না তিনি। কে জানে সেটিরই জবাব দিলেন কি না রোনালদো! গোলডটকম।