অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারণ
না-জানি আবার কোন ‘দুর্ঘটনা’ ঘটে যায়! সামান্যতম ঝুঁকিও তাই নিতে চাননি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ফলাফল—এজবাস্টন টেস্ট জয়ের পর পরশুর রাতটা হোটেল রুমেই কাটাতে হলো জো রুটকে! ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে? তাহলে খুলেই বলা যাক। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর উদ্যাপন করতে ওয়াকঅ্যাবাউট নামের পানশালায় গিয়েছিলেন রুট। সেখানে গন্ডগোল করে প্রতিপক্ষ ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ঘুষি খেয়েছিলেন। এজবাস্টন টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পর রাতের উদ্যাপনকে সামনে রেখে পুরোনো প্রসঙ্গটিই মনে করিয়ে দেওয়া হয়েছিল কুককে। হাসিমুখে কুকের উত্তর, ‘উদ্যাপন নিয়ে আমি একটা বিষয় বলতে পারি, জো রুটের ওয়াকঅ্যাবাউটে যাওয়া নিষিদ্ধ।’ ‘নিষেধাজ্ঞা’ সমর্থন করে টুইটারে ড্রেসিংরুমে রুটের একটা ছবি পোস্ট করেছেন স্টুয়ার্ট ব্রড। সঙ্গে এই লেখাটাও, ‘আমি তাকে আজ রাতে ওয়াকঅ্যাবাউটে যেতে দেব না।’ এনডিটিভি।
পেদ্রোর জন্য...
ঘটনাটায় অভিভূত হতে পারেন পেদ্রো রদ্রিগেজ, আবেগে আপ্লুতও। মেসি-ইনিয়েস্তা-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনায় তাঁরও এমন ভক্ত আছে! দিন কয়েক আগে কাতালান ক্লাবটির ট্রেনিং কমপ্লেক্স থেকে গাড়ি করে ফিরছিলেন। এমন সময় দুই তরুণী ভক্ত এসে দাঁড়ায় গাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এলেন ২৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার। কথা বললেন। তাঁদের প্রশ্নের উত্তরে এও জানালেন, কাতালান ক্লাবে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। দুই তরুণীর চোখেই তখন জল। তবে সে কান্না যতটা না পেদ্রোর সম্ভাব্য বিদায়ের দুঃখে, তার চেয়ে বেশি প্রিয় তারকাকে কাছে পাওয়ার আনন্দে! ফিরে যাওয়ার আগে তাঁরা নিয়ে গেছেন প্রিয় ফুটবলারের অটোগ্রাফ, স্মৃতিটা বন্দী করেছেন সেলফিতে। ফক্স স্পোর্টস, মার্কা।
নিখোঁজ সংবাদ
ওল্ড ট্রাফোর্ডের দেয়ালে বোধ হয় একটা ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ লাগানোর সময় এসেছে। অ্যাঙ্গেল ডি মারিয়াকে যে কয়েক দিন ধরেই ‘পাওয়া’ যাচ্ছে না। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার যতই লিকলিকে হন, বাতাসে নিশ্চয়ই মিলিয়ে যেতে পারেন না। ব্যাপারটা আসলেই তাই! গত সপ্তাহেই ডি মারিয়ার ইউনাইটেডের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কোচ লুই ফন গাল সবাইকে বিস্মিত করে জানালেন, ডি মারিয়া কোথায় সেটা জানেন না। আর্জেন্টাইন উইঙ্গারের পিএসজিতে যাওয়ার গুঞ্জনটি উঠেছিল আগেই। ফন গালের কথার পর অনেকে দুইয়ে দুইয়ে চারও মিলিয়েছিলেন। এরপর আরও বেশ কয়েক দিন চলে গেছে, প্যারিস বা ম্যানচেস্টারে ডি মারিয়ার টিকিটিরও দেখা নেই। এমনও শোনা যাচ্ছে, ডি মারিয়া আর্জেন্টিনাতেই আছেন। আবার গোলডটকম দাবি করেছে, ফন গাল এমন লাপাত্তা থাকার জন্য ডি মারিয়াকে জরিমানাও করেছেন! গোলডটকম।