অন্যকলাম
খিস্তি চলবেই...ফুটবল মাঠে খিস্তিখেউড় নিয়ে কম জল ঘোলা হয়নি। কখনো এর সঙ্গে লেপ্টে গেছে বর্ণবাদের কলঙ্কও। তবে খিস্তিখেউড়কে শেষমেশ ফুটবলেরই অংশ বলে মানছেন চেলসির গোলরক্ষক পিওতর চেক। মাঠে অশোভন শব্দ উচ্চারণ যেন স্বাভাবিকই মনে হচ্ছে তাঁর কাছে, ‘প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে যদি মাইক্রোফোন থাকত, তবে ফুটবল মাঠে কী বলা হয়, সেটা অনেকেরই বিস্ময়ের কারণ হয়ে দাঁড়াত। এটা আগেও ছিল, সামনেও থাকবে।’ ফুটবল মাঠের পর্বতপ্রমাণ চাপ, পারদ চড়ানো উত্তেজনার কারণেই এটা স্বাভাবিক মনে করছেন চেক, ‘মাঝেমধ্যে হতাশা বা আনন্দ থেকে এমনটা আপনি করতেই পারেন। আমার মতে, এটা ঠিকই আছে।’ এএনআই।নিষেধপদক জয়ের লক্ষ্য তো আছেই, সঙ্গে মনের কোণে একটা কষ্ট নিয়েও ব্রিটেনে এসেছেন রাসেল মার্ক। অস্ট্রেলিয়ান এই শ্যুটার যত দিন লন্ডনে থাকবেন, স্ত্রীর সঙ্গে এক কক্ষে ঘুমাতে পারবেন না! তাঁর স্ত্রী লরিনও অস্ট্রেলিয়ার অলিম্পিক শ্যুটার দলের সদস্য। স্বামী-স্ত্রী একসঙ্গে থাকবেন, এটাই ছিল প্রত্যাশিত। অথচ অস্ট্রেলিয়া দলের কর্মকর্তারা স্বামী-স্ত্রীর একই রুমের থাকাটা উল্টো নিষিদ্ধই করে দিল! রাগে-দুঃখে ব্যাপারটাকে ‘নির্বোধের’ কাজ বলে আখ্যায়িত করেছেন ষষ্ঠবারের মতো অলিম্পিকে আসা ৪৮ বছর বয়সী রাসেল। এএফপি।ক্ষতিপূরণপ্রসঙ্গটি যখন ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে, ঝামেলা এত তাড়াতাড়িই চুকেবুকে যায় কীভাবে! বিতর্ক তো হবেই। এবারের বিতর্কের বিষয় ক্ষতিপূরণ। সম্প্রতি ম্যারাডোনাকে বরখাস্ত করেছে আল ওয়াসল। যেহেতু চুক্তির মাঝপথেই বরখাস্ত, আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, বড় অঙ্কের ক্ষতিপূরণ পাবেন ম্যারাডোনা। সম্ভাব্য অঙ্কটাও প্রকাশ করেছে তারা—এক কোটি ৪০ লাখ ইউরো। তবে আর্জেন্টিনার গণমাধ্যমের এই দাবিকে ‘বাজে’ এবং ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে আল ওয়াসল। সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটির দাবি, ক্ষতিপূরণ হিসাবে অল্প টাকাই পাবেন ম্যারাডোনা। মাত্র দুই মাসের বেতন। চুক্তিতেই নাকি উল্লেখ আছে, চুক্তির দ্বিতীয় বছরে বরখাস্ত হলে ক্ষতিপূরণ হিসাবে দুই মাসের বেতন দেওয়ার কথা। ওয়েবসাইট।