অন্যকলাম
ইব্রার বিড়ম্বনাএত দিন ভক্তদের বাহবা কুড়িয়েছেন ইব্রাহিমোভিচ। এবার উল্টো অভিজ্ঞতা হলো এই সুইডিশ ফুটবল তারকার। এসি মিলান ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিয়ে তিনি এখন ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। এটাই খুলে দিয়েছে সমালোচনার মুখ। ফ্রান্সের রাজনীতিকদের চোখে তাঁর বেতনের অঙ্কটা ‘অশ্লীল’। অর্থনৈতিক মন্দার এই সময়ে বার্ষিক ১৪ মিলিয়ন ইউরো বেতনটা মেনে নিতে পারছে না বামপন্থী ক্ষমতাসীন সোশ্যালিস্ট দল, এমনকি বিরোধী ডানপন্থীরাও। বিতর্কে যোগ দিয়ে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বর্তমান চ্যাম্পিয়ন মঁপেলিয়ের উদাহরণ টেনে বলেছেন, ‘আকাশচুম্বী বেতন না দিয়েও লিগ জেতা দল এখানে আছে।’ এএফপি।যেয়ো না সাথি...তারকাখ্যাতিতে নেইমার এগিয়ে, তবে নিজেদের ক্লাব সান্তোসে তাঁরা দুজন হরিহর আত্মা। ব্রাজিলের ভবিষ্যৎ মহাতারকা হিসেবে নেইমার-গানসোর নামই সবার আগে নেবেন আপনি। নেইমারকে নিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে। গানসোকে নিয়েও আগ্রহ কম নেই। তবে নেইমার চান না তাঁদের এই বাঁধনটা টুটে যাক। গানসোকে ক্লাব না ছাড়ার জন্য একরকম মিনতিই করেছেন তরুণ স্ট্রাইকার, ‘ও (গানসো) আমাকে বলেনি সে থাকবে কি না। তবে বন্ধু বা সতীর্থ হিসেবে যে কেউই তাকে দলে চাইবে।’ সান্তোসের সঙ্গে চুক্তিটা ২০১৪ সাল পর্যন্ত, তত দিন ব্রাজিলের এই ক্লাবে গানসোর সঙ্গে জুটি বেঁধে থাকতে চান নেইমার। ওয়েবসাইট।বিশ্বাসঘাতক! দুজনেরই উত্থান বোকা জুনিয়র্স থেকে, দুজনই ছিলেন ক্লাব ও জাতীয় দলের প্রাণ, দুজনই খেয়ালি। কিন্তু মিল সবই তাত্ত্বিক, বাস্তবে ডিয়েগো ম্যারাডোনা আর হুয়ান রোমান রিকেলমের সম্পর্কটা অনেকেরই জানা। তিক্ততা এখন এমনই যে, কেউ কারও ছায়াও মাড়াতে চান না। সেই সময়ের আর্জেন্টিনা কোচ ম্যারাডোনার সঙ্গে মতদ্বৈধতায় আন্তর্জাতিক ফুটবল ছেড়েছিলেন রিকেলমে। ৩৪ বছর বয়সী মিডফিল্ডার কদিন আগে ছেড়ে গেছেন বোকাও। বোকা-অন্তঃপ্রাণ ম্যারাডোনা এতে বেজায় চটেছেন, ‘রিকেলমে দেশের ৭৫ শতাংশ লোকের সঙ্গে বিশ্বাসঘাকতা করেছে, যারা সবাই বোকা-সমর্থক। আর আমি ওর সঙ্গে বিবাদে জড়াইনি, ও-ই আমার সঙ্গে লেগেছে।’ ওয়েবসাইট।