অন্যকলাম
সাইকেল–কাহিনি
বছরটা ভালো যাচ্ছিল না সিমন গেরানসের। ট্যুর ডি ফ্রান্স, ট্যুর ডাউন আন্ডারসহ যতগুলো বড় প্রতিযোগিতায় এ বছর অংশ নিয়েছেন, একের পর এক চোটে সবগুলো থেকেই ছিটকে পড়েছেন এই অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট। সেরে ওঠার পর বড় আশা নিয়েই গত মাসের ট্যুর অব স্পেনে গিয়েছিলেন। সেখানেও ভাগ্য খারাপ। মিহাস থেকে মালাগা পর্যন্ত ট্যুরের তৃতীয় ধাপটা শেষ হওয়ার পর তাঁর শখের সাইকেলটাই চুরি হয়ে গেল! সেটিই উদ্ধার হয়েছে গতকাল। ঘটনাচক্রেই! স্প্যানিশ পুলিশের দুই সদস্য অনুসন্ধান চালাচ্ছিলেন মালাগার দক্ষিণে একটি পুরোনো জিনিসপত্রের দোকানে। আধুনিক একটি সাইকেল সেখানে বিক্রি হচ্ছিল একেবারে পানির দরে, মাত্র ১২০ ইউরোতে। সন্দেহ হলো দুই পুলিশের। খোঁজ নিয়ে দেখলেন, এটি গেরানসের সেই হারানো সাইকেলই। সাইকেলটির প্রকৃত দাম কত জানেন? ১২ হাজার ইউরো! নিজের বোকামিতে নিশ্চয়ই এখন চুল ছিঁড়ছেন ওই দোকানি। এএফপি।
ইউনাইটেডে পোকা
‘ইউনাইটেডে বিদ্রোহ’—এমন শিরোনামে কদিন ধরেই সরগরম ব্রিটিশ সংবাদমাধ্যম। এমনকি ইউনাইটেড কোচ লুই ফন গালের কথা থেকেও বোঝা গেল, যা রটেছে, তার কিছু হলেও ঘটেছে। খেলোয়াড়দের মধ্যে আসলেই হয়তো অসন্তোষ দানা বেঁধেছিল। সেটা নাহয় হলো, কিন্তু ঘরের খবর বাইরে গেল কীভাবে? সাংবাদিকেরাই বা এত কিছু জানলেন কোন সূত্রে? ইউনাইটেড কর্তৃপক্ষ তাই পরীক্ষা করে দেখছে, ক্লাবে কেউ গোপনে আড়ি পাতছে কি না। ‘পোকা’ লুকিয়ে আছে কি না তা তন্নতন্ন করে খুঁজে দেখা হয়েছে ক্লাবেও। লিভারপুলের সঙ্গে ম্যাচের আগেই তল্লাশি চালানোর পরই খেলোয়াড়েরা ঢুকেছেন ড্রেসিংরুমে। তবে আদৌ কিছু পাওয়া গেছে কি না সেটা জানা যায়নি। সন্দেহ যে অমূলক নয়, সেটির প্রমাণ অবশ্য আগেও মিলেছিল। দুই মৌসুম আগে ডেভিড ময়েস কোচ থাকার সময় ক্লাবের সভাকক্ষে লুকানো অবস্থায় একটা ‘ভয়েস রেকর্ডার’ পাওয়া গিয়েছিল। মেইল অনলাইন।
টেনিস-জ্বর
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। মাত্তেও রেনজি ইতালির প্রধানমন্ত্রী, কত কাজ তাঁর! কিন্তু সব কাজ স্থগিত রেখে পরশু রেনজি উড়ে গেলেন নিউইয়র্কে। ফ্লাশিং মিডোতে ইউএস ওপেনের ফাইনালে নিজের দেশের দুই মেয়ে মুখোমুখি, টেনিস-ভক্ত রেনজি কি সেটা না দেখে পারেন! মজার ব্যাপার, কাল ইতালির যে অঞ্চলে রেনজির সফর করার কথা ছিল, সেই দক্ষিণাঞ্চলের পুগলিয়া থেকেই এসেছেন দুই ফাইনালিস্ট ফ্লাভিয়া পেনেত্তা ও রবার্তা ভিঞ্চি। যেকোনো একজনের ফাইনালে ওঠাটাই যেখানে বিস্ময়ের, সেখানে দুজনের একসঙ্গে ওঠা তো মহাবিস্ময়ের। পুগলিয়াবাসী তাই এরই মধ্যে সংবর্ধনার আয়োজন করে ফেলেছে। এমনকি ইতালির বিখ্যাত ক্রীড়াদৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত-তেও ফুটবলকে হটিয়ে টেনিস চলে এসেছে শিরোনামে। ইতালি আচ্ছন্ন টেনিস-জ্বরে! রয়টার্স।