অন্যকলাম
লোকিটর মুখে...এর মধ্যে বাগিয়ে নিয়েছেন একটি সোনা, লন্ডন অলিম্পিকটা নিজের করে নেওয়ার পথে আছেন ভালোমতোই। অথচ মার্কিন সাঁতারু রায়ান লোকিট পরশু বললেন বিশ্ব রেকর্ড গড়ে সোনাজয়ী চীনা ষোড়শী ইয়ে শিউয়েন ম্লান করে দিয়েছেন সবাইকে। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে এই মেয়ের শেষ ২০০ মিটারের টাইমিং ফেল্্প্স আর লোকিটর চেয়েও দ্রুত ছিল। লোকিট তাই শিউয়েনের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমরা গত রাতে ডিনারের সময় সবাই এটা নিয়েই কথা বলছিলাম, এটা আসলেই দুর্দান্ত।’ লোকিট বলছেন দুজনের দ্বৈরথে এমনকি হেরেও যেতে পারেন তিনি, ‘সে গতিসম্পন্ন। যদি আমি সেখানে থাকতাম, সে হয়তো আমাকেও হারিয়ে দিত।’ রয়টার্স। দর্শক-সেনা!কাল লন্ডনের অ্যাকুয়াটিক সেন্টার বা জিমন্যাস্টিকস অ্যারেনায় যাঁরা চোখ রেখেছেন, খেয়াল করেছেন অনেক উর্দি পরা দর্শক! অলিম্পিক আয়োজক কমিটির বিশেষ ‘নিমন্ত্রণ’ পেয়েই গ্যালারিতে ছিলেন সেনাবিহিনীর সদস্যরা। সেনাবাহিনীর ডাক পড়ে সাধারণত জাতীয় বিপর্যয়ে। ভাবছেন অলিম্পিক উৎসবে হঠাৎ সেনাবাহিনী কেন? লন্ডন অলিম্পিকের প্রথম দিনে যা হয়েছে, সেটা তো জাতীয় বিপর্যয়ের মতোই! বিভিন্ন ভেন্যুতে গ্যালারির বড় একটা অংশ যে ছিল ফাঁকা! অলিম্পিকের মতো আসরে ফাঁকা গ্যালারি তো ভীষণ দৃষ্টিকটু। লজ্জা থেকে বাঁচতে তাই সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে আয়োজক কমিটি। তবে এই ফরমায়েশি দর্শকে লজ্জা কি আদৌ ঢাকল? ওয়েবসাইট।রানির খুশিরক্ষণশীলদের কুঁচকে যাওয়া ভ্রুটা এখনো বাঁকা। ৮৬ বছর বয়সী রানি মাতাকে অভিনয় করাতে রাজি করানোই অনেক বড় ব্যাপার। সেই ছোট্ট চিত্রনাট্যে যদি থাকে হেলিকপ্টার থেকে রানির লাফ দেওয়ার দৃশ্য! সাধারণ্যে এই দৃশ্যই ছিল সবচেয়ে মজার। কিন্তু রানি কি মজার, অন্যের হাসির পাত্রী? রক্ষণশীলেরা যতই কপালে চোখ তুলে রাখুক, রানি এলিজাবেথ নিজে কিন্তু ‘অভিনয়’ করে দারুণ খুশি। বাকিংহাম প্যালেসের বিবৃতি থেকে জানা গেছে, ‘ব্যতিক্রম কিছুতে তাঁকে অংশ নেওয়ার অনুরোধ করায় রানি খুবই উচ্ছ্বসিত ছিলেন।’ ওয়েবসাইট।