অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনেও জিম!

বড়দিনের উৎসব চলছে। তার ওপর লিগের খেলায়ও চলছে বিরতি। পরিবার-পরিজনের সঙ্গে ঘোরাঘুরি, মজার সব খাবারদাবারের স্বাদ নেওয়ার এখনই তো সময়। কিন্তু এসব থেকে যেন ‘মোক্ষলাভ’ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। খাবারদাবারের কথা ভুলে যান, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের বড়দিন কীভাবে কেটেছে জানেন? জিমে ঘাম ঝরিয়ে! রোনালদো সব সময়ই নিজের খেলা নিয়ে ‘সিরিয়াস’। আজকের এই অবস্থানে আসার সোপান তাঁর কঠোর পরিশ্রম। কিন্তু তাই বলে বড়দিনেও জিম! লিগে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ আগামী ৩০ ডিসেম্বর, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। ঝরঝরে হয়ে উঠতে সময় তো আরও পাবেনই রোনালদো। অবশ্য পর্তুগিজ অধিনায়ক বলতেই পারেন, এই করেই তো বিশ্বসেরা দুজনের একজন হলাম। সাধারণ কোনো খেলোয়াড়ের মতো আলসেমি কি তাঁকে মানায়! তাই তো উৎসবের সময়টাতে ডামবেল, ট্রেডমিলেই সময় কাটালেন সিআর-৭। গোলডটকম।

ডলারের দৌড়

১৭টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদেরার। ১০টির মালিক নোভাক জোকোভিচ। জোকোভিচ বেশ পিছিয়ে থাকলেও টেনিসের প্রথম ‘হানড্রেড মিলিয়নম্যান’ হওয়ার দৌড়ে বেশ প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছেন ফেদেরারকে। ক্যারিয়ারে ফেদেরারের প্রাইজমানি ৯ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর ফেদেরারের চেয়ে পাঁচ বছরেরও বেশি সময় পরে ক্যারিয়ার শুরু করা জোকোভিচের প্রাইজমানি থেকে অর্জন ৯ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ৩৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানির অস্ট্রেলিয়ান ওপেন ফেদেরার জিতলেই ১০ কোটি প্রাইজমানি পাওয়া প্রথম খেলোয়াড় হবেন তিনিই। আর জোকোভিচ জিতলে তাঁর অপেক্ষা করতে হবে পরের গ্র্যান্ড স্লাম তথা ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত। তবে যেভাবে বিদায়ী বছরটি কাটিয়েছেন জোকোভিচ, তাতে প্রথম ‘হানড্রেড মিলিয়নম্যান’ হওয়ার পথে তাঁর পক্ষেই বাজিটা বেশি। তবে যেই হোন না কেন আগামী বছরেই প্রাইজমানি থেকে প্রথম ১০০ মিলিয়ন ডলার উপার্জনকারী খেলোয়াড়কে দেখবে বিশ্ব টেনিস। এএফপি।

জার্সি দান

চাওয়াটা সামান্যই—সই করা একটা জার্সি। সেটি দিয়েই সাহায্য করা হবে বসনিয়ান শহর ত্রাভনিচের একটি হাসপাতালের শিশু বিভাগকে। আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে যেখানে শিশুদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কাতালান সমাজকর্মীদের মাধ্যমে এটি জানতে পেরেই নিজের স্বাক্ষরসংবলিত একটা জার্সি পাঠিয়ে দিয়েছেন মেসি। বসনিয়ার একদল সমাজকর্মীই ফুটবলার তারকাদের সই করা জার্সি নিলামে তুলে হাসপাতালটির শিশু বিভাগটিকে সাহায্যের উদ্যোগ নিয়েছে। শুধু মেসিই নন, রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান খেলোয়াড় মাতেও কোভাচিচ, এসএ রোমার বসনিয়ান খেলোয়াড় মিরালেম পিয়ানিচ ও এডেন জোকোর জার্সিও সংগ্রহ করেছে তারা। তবে মেসির জার্সি বিক্রি করেই বড় অঙ্কের তহবিল উঠবে বলে আশা উদ্যোক্তাদের। আইএএনএস।