অন্যকলাম
‘ব্যানার’ বিতর্কজাপানকে ২-০ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া। স্বাভাবিক কারণেই উচ্ছ্বাসটা বাঁধ মানছিল না তাদের। তবে আনন্দের আতিশয্যে মাত্রাটা ছাড়িয়ে গেছেন কোরিয়ার খেলোয়াড় পার্ক জং উ। জয় উদ্যাপনের সময় মাঠে ‘ডোকডো আমাদের’ লেখা প্ল্যাকার্ড দেখিয়েছেন। অনেক দিন ধরেই ডোকডো দ্বীপ নিয়ে দ্বন্দ্ব চলছিল দুই দেশের। কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ঝটিকা সফরে দ্বীপটিতে গেলে বহুদিনের বিরোধটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। আর প্ল্যাকার্ড-বিতর্কটা যেন আগুনে ঘি-ই ঢালল। ওয়েম্বলি স্টেডিয়ামের বিজয়মঞ্চে পদক নেওয়ার সময় উ ছিলেন না। রাজনৈতিক বক্তব্য প্রচার করে অলিম্পিকের বিধিনিষেধ লঙ্ঘন করায় তাঁর এই শাস্তি! এএফপি।ঘড়ির গোলমালএভাবে যে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হবে, মিসরের দুই প্রতিযোগী কস্মিনকালেও তা ভাবতে পারেননি। কুস্তিতে ৬৬ ও ৯৬ কেজি বিভাগে অংশ নেওয়ার কথা ছিল আবদু আহমেদ ও সালেহ ইমারার। এই ইভেন্টগুলোর খেলা প্রতিদিন শুরু হয় বেলা ১টায়। কিন্তু সমাপনী অনুষ্ঠানের জন্য গতকাল সেটা এগিয়ে আনা হয় সকাল ৮টা ৩০ মিনিটে। এই সময় বদলের খবর নাকি জানতেনই না দুই প্রতিযোগী। ফলে খেলতে এসে দেখেন সবকিছুর পাট চুকে গেছে অনেক আগেই। এই ‘ভুল বোঝাবুঝির’ দায়ভার কে নেবে, সেটা নিয়ে এখন চলছে তোলপাড়। এএফপি।নাচে উদ্যাপনগ্লাভস হাতে তো দুর্দান্তই লড়লেন। তবে ইউক্রেনের ওলেকসান্দর উসিক আসল মজাটা দেখালেন ম্যাচ শেষে। হেভিওয়েট বক্সিংয়ে সোনা জিতে শুরু করলেন নাচ। কখনো এক পা তোলেন, কখনো দুই পা তুলে শূন্যে লাফ। হুট করে বসে দুই দিকে পা দোলান, আরও কত কী! অদ্ভুত সব মুদ্রা, সোজা বাংলায় বলা চলে ‘খ্যামটা নাচ’। ইউসাইক আসলে সম্মান জানিয়েছেন বীর কসাক যোদ্ধাদের। ওই নাচ ছিল কসাকদের নাচ। উসিকের মতে, কসাক নাচ হলো ‘শক্তিমত্তা আর চেতনার প্রতীক!’ এএফপি।