অন্যকলাম
শ্বেত জলদস্যুসবুজ মাঠে অনেক জাদুই দেখিয়েছেন, এবার রুপালি পর্দাও কাঁপাতে চলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার মিডফিল্ডার এবার কণ্ঠ দেবেন একটি অ্যানিমেটেড চলচ্চিত্রে। পাইরেটস নামের এই ছবিতে তাঁর ভূমিকাটাও একজন শ্বেত জলদস্যুর। ‘পাইরেটা অ্যালবিনো’ নামের চরিত্রটি এমন একজন জলদস্যুকে ঘিরে, যার ধ্যানজ্ঞানই বছরের সেরা জলদস্যু হওয়া। নতুন ভূমিকায় নেমে দারুণ রোমাঞ্চিত ‘ডন আন্দ্রেস’, ‘ভাবতেই ভালো লাগছে ভবিষ্যতে আমার মেয়ে একটা অ্যানিমেটেড ছবিতে আমাকে চিনতে পারবে।’ আর্ডম্যান অ্যানিমেশন স্টুডিও প্রযোজিত এই ছবি যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে মার্চে, আজ মুক্তি পাচ্ছে স্পেনে। মেয়েকে দারুণ এক ‘চমকই’ দিতে চলেছেন ইনিয়েস্তা! ওয়েবসাইট। ক্লসের ‘অভিসার’অলিম্পিকে শুধু সোনাই জেতেননি, চাড লে ক্লস জিতে নিয়েছেন অসংখ্য তরুণীর মনও। এঁদেরই একজন ক্লসের সঙ্গে এক দিনের অভিসারে গিয়ে রীতিমতো ধন্য। ১৭ বছর বয়সী ওই তরুণীর নাম মেলানি ওলহাউস। লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় ফেরার পথে জোহানেসবার্গ বিমানবন্দরে ক্লসের দৃষ্টি আকর্ষণ করেছিল ওলহাউসের হাতে ধরা পোস্টার। সেই পোস্টারে স্বর্ণকেশী তরুণী লিখেছিলেন, ‘চাড, তুমি কি আমার ম্যাট্রিক ড্যান্স ডেটের সঙ্গী হবে???’ দক্ষিণ আফ্রিকায় হাইস্কুলের সমাপনী উৎসবে এই ম্যাট্রিক ড্যান্স হয়ে থাকে। সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন ফেল্প্সকে হারিয়ে সোনা জিতে দক্ষিণ আফ্রিকায় রাতারাতি তারকা হয়ে যাওয়া চাড। এএফপি।হুংকারক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? না, রাদামেল ফ্যালকাও! নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন এই কলম্বিয়ান তারকা। অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ঘোষণা দিয়েছেন, মেসি কিংবা রোনালদোর সমান গোল করার সামর্থ্য তাঁরও আছে। দুই মৌসুম আগে ইউরোপা লিগে ১৬ ম্যাচে ১৮ গোল করা ফ্যালকাওয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমেই ৫০ ম্যাচে ৩৬ গোল করেছিলেন। কিন্তু সমস্যা হলো, মেসি-রোনালদো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, সেই পর্যায়ে পৌঁছাতে পারা এই দুই মহাতারকার জন্যই চ্যালেঞ্জ। তবে ফ্যালকাও আত্মবিশ্বাসী, ‘মেসি-রোনালদোর গোলের হার আমার আওতার বাইরে নয়।’ ওয়েবসাইট।