অন্যকলাম
বিশ্বের দ্রুততম মানব কে? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি! উসাইন বোল্টের নাম সবার জিভের ডগায় এসে পড়ে। দাঁড়ান, দাঁড়ান, উত্তরটা ভুল। বোল্টের চেয়ে একজন অন্তত জোরে দৌড়াতে পারেন, অন্তত তাঁর দাবি অনুযায়ী। রোমার উইঙ্গার জেরভিনহোর দাবি সেই রকমই। তবে একটা ফাঁক আছে। বল নিয়ে দৌড়ালেই কেবল জেরভিনহো বোল্টের চেয়ে এগিয়ে থাকবেন বলেই দাবি করেছেন। জেরভিনহোর কি মাথাটাথা খারাপ হয়ে গেল নাকি? না, রোমা ও আইভরি কোস্ট ফুটবলার রসিকতা করেই বলেছেন। তবে বোল্ট যেহেতু ফুটবলও একটু-আধটু খেলতে পারেন, জেরভিনহোকে না আবার চ্যালেঞ্জ ছুড়ে দেন! ওয়েবসাইট।
খেলার মাঠে রেফারিই হর্তাকর্তা। কিন্তু তাই বলে যা ইচ্ছা তা-ই তো আর করা যায় না। খেলোয়াড়েরা ভুল করলে যেমন শাস্তি পেতে হয়, তেমনি রেফারি ভুল করলেও নিষ্কৃতি পান না। যেমন পাননি মিগুয়েল আইজা গামেজ। বিলবাওয়ের সঙ্গে খেলায় লাল কার্ড দেখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। এ নিয়ে কম বিতর্ক হয়নি। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন গামেজকেও শাস্তি দিয়েছে, এক মাসের জন্য নিষিদ্ধ তিনি। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের আর কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না। আশঙ্কা রেফারি হিসেবে অবনমিত হতে পারেন। এটা একদিক দিয়ে রিয়ালের জন্য খুশির খবর হতে পারত, রোনালদোর তিন ম্যাচের শাস্তি কমতেও তো পারে! কিন্তু সেটা আর কমেনি। ওয়েবসাইট।