অন্যকলাম
মরিনহো-প্রশস্তিইয়োহান ক্রুইফের বিখ্যাত ‘ড্রিম টিমের’ সদস্য ছিলেন। ক্যারিয়ারের সোনালি সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। অথচ রিস্তো স্টয়চকভ প্রশস্তি গাইছেন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কোচ হোসে মরিনহোর! ‘স্পেশাল ওয়ান’কে কোচ হিসেবে দারুণ শ্রদ্ধা করেন এই বুলগেরিয়ান কিংবদন্তি। মরিনহোর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ও আছে, তাই তাঁকে একজন ভালো মানুষেরও স্বীকৃতি দিচ্ছেন স্টয়চকভ। তবে কেন এই প্রশংসা, সেটাও পরিষ্কার করেছেন, ‘এটা বলে নেওয়া দরকার সে রিয়াল মাদ্রিদের ম্যানেজার, কিন্তু তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ের কোনো সম্পর্ক নেই। যদিও আমি বার্সেলোনার ছিলাম, আছি ও থাকব।’ একজন ব্লগ্রনার এই প্রশস্তিতে মরিনহো কি খুব আপ্লুত হবেন? ওয়েবসাইট। লিপ্পির চ্যালেঞ্জইতালিকে জিতিয়েছেন বিশ্বকাপ, জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ। কোচ হিসেবে ঈর্ষণীয় রেকর্ডই বটে মার্সেলো লিপ্পির। মিশনটা ছিল চীনের ফুটবলকে ওপরের স্তরে নিয়ে যাওয়া, কিন্তু কে না বলবে জীবিকার তাগিদটাই আসল। চীনের গুয়াংঝু এভারগ্রান্দের কোচ হয়েছিলেন মে মাসে। কিন্তু এই ক্লাবেই বিশ্বখ্যাত কোচের চাকরিটা টানাটানির মধ্যে পড়ে গেছে। এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছে তাঁর দল। হতাশ লিপ্পি বলছেন, ‘মাঝেমধ্যে ফুটবল বড্ড নিষ্ঠুর একটা খেলা।’ ৬৪ বছর বয়সী কোচের সামনে এখন অগ্নিপরীক্ষা, দলকে অন্তত চায়নিজ সুপার কাপ ও চায়নিজ এফএ কাপ জেতাতে হবে। এএফপি।পুলিশের হামলামাফিয়া শব্দটা উচ্চারণ করলেই মনে আসে ইতালির নাম। চোরাকারবারি, সংঘবদ্ধ অপরাধ—হেন খারাপ কাজ নেই মাফিয়ারা করে না। সেই ইতালিরই বিশেষ বাহিনী পুলিশ, গার্দিয়া দি ফিনানজা। আর্থিক অপরাধ, কর ফাঁকি ও চোরাকারবার রুখতেই এই বাহিনী গড়ে তোলা। ইতালিয়ান পুলিশের এই বিশেষ দলই পরশু হানা দিল নাপোলি ক্লাবে। জব্দ করে নিয়ে গেল অনেক কাগজপত্র। এমনিতেই ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জেরবার ইতালিয়ান ফুটবল। তারপর আবার আর্থিক পুলিশ। দুইয়ে দুইয়ে চার মেলাতে পারেন। কিন্তু ম্যারাডোনার সাবেক ক্লাবের দাবি, খেলোয়াড় ও এজেন্টদের সঙ্গে করা চুক্তির কিছু কাগজই নিয়েছে পুলিশ। এএফপি।