অন্যকলাম
স্বপ্নবাজস্বপ্ন জিনিসটা চেইনের মতো। একটা পূরণ হতেই আরেকটা স্বপ্ন মনের দরজায় ঢুকে পড়ে। কেই নিশিকোরির যেমন। পরশুই প্রথম জাপানি হিসেবে জিতেছেন টোকিও ওপেনের শিরোপা। এই শিরোপা তাঁর মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আরেকটা স্বপ্ন, একদিন গ্র্যান্ড স্লাম জিতবেন। সেমিফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মিলোস রাওনিচ। ফাইনালে সেই রাওনিচকে হারিয়েই নিশিকোরি লিখেছেন ইতিহাস। এতে তাঁর উপলব্ধি, তিনি এখন ফেদেরার, মারে, নাদাল, জোকোভিচদের কাছাকাছি! ২২ বছর বয়সীর গ্র্যান্ড স্লাম স্বপ্নের ভিত্তি হলো শারীরিকভাবে শক্তিশালী হওয়া এবং খেলায় আরও ধারাবাহিকতা দেখানো। রয়টার্স।বোল্টের আনন্দঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে! পরশু শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। গেইল-স্যামিদের এই অর্জনে উসাইন বোল্ট মহা খুশি। একজন জ্যামাইকান, ক্রিকেট তাঁর ভালোবাসা, ‘প্রথম ভালোবাসা’। তাই তাঁর মনে আনন্দের ঢেউ বয়ে যাওয়াই স্বাভাবিক। যদিও গেইল-স্যামুয়েলসদের মতো আনন্দনৃত্য করেছেন কি না বা সেই সুযোগ হয়েছিল কি না, জানা যায়নি। তবে মন ডুবিয়ে উপভোগ করেছেন। কিন্তু এর মধ্যে আবার টেনে এনেছেন অ্যাথলেটিকসও। বলছেন, চোখ তাঁর ২০১৬ রিও অলিম্পিকে ‘ট্রিপল’ জয়ের দিকে। বেইজিং-লন্ডনের পুনরাবৃত্তির সামর্থ্য তাঁর আছে, বিশ্বকে এটা আবারও দেখিয়ে দেওয়ার স্বপ্ন আরকি! এএফপি।যত দোষ...দায়িত্বটা ঠিকঠাক পালন করলে কেউ একটা হাততালিও দেবে না, অথচ পান থেকে চুন খসলেই পড়তে হবে তোপের মুখে। ফুটবল রেফারিদের তাই কম বিড়ম্বনা সইতে হয় না। রবিন ফন পার্সির কথাই ধরুন, ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার নাকি নিউক্যাসলের ইয়োহান কাবাইকে কনুই দিয়ে গুঁতো মেরেছেন। অথচ ব্যাপারটা বেমালুম চোখ এড়িয়ে গেছে রেফারির। নিউক্যাসল কোচ অ্যালান পারডিউ তাই পার্সির শাস্তির দাবিতে সোচ্চার। লিভারপুলের লুইস সুয়ারেজ নাকি পেনাল্টি আদায় করতে ইচ্ছা করে নাকি ডাইভ দিয়েছেন স্টোক সিটির বিপক্ষে। ‘ডাইভার’ সুয়ারেজের শাস্তি চেয়েছেন স্টোক কোচ টনি পিউলিস। এএফপি।