অন্যকলাম
ফুটবলারের কাণ্ড!একেবারে হলিউডের মারদাঙ্গা অ্যাকশন সিনেমার মতোই ব্যাপার! একটা বিলাসবহুল পোর্শে গাড়ি নিয়ে হঠাৎই এক খ্যাপা চালক ঢুকে পড়লেন একটা দোকানে। চারদিকে শুরু হলো আতঙ্ক। প্রাণ বাঁচাতে ক্রেতারা পড়িমরি দৌড়াতে থাকল দিগ্বিদিক। সিনেমায় নয়, বাস্তবেই ঘটেছে এমনটা। তা-ও আবার একজন ফুটবলারের কাণ্ড এটা! বেলজিয়ামের টোনেজেরেন শহরে এই অঘটনের জন্ম দেন জোনাথন লেগিয়ের। একজন ক্রেতা নাকি আহতও হয়েছেন। পরে অবশ্য লেগিয়ের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তাতে অবশ্য কাজ হবে না, এখন তাঁকে যেতে হতে পারে শ্রীঘরেও। আন্ডারলেখটের এই খেলোয়াড় ২০১০ সালে দুটো ম্যাচ খেলেছিলেন বেলজিয়াম জাতীয় দলের হয়ে। ওয়েবসাইট।বিপাকে ক্যাপেলোইউরো-বিপর্যয়ের পর রাশিয়ার হাল ধরেছিলেন ফ্যাবিও ক্যাপেলো। আপাতত ইতালিয়ান কোচের সামনে দেশটিকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। কিন্তু রাশিয়ায় নিজেই হিমশিম খাচ্ছেন ক্যাপেলো। ইতালি, ইংল্যান্ড, স্পেনে কোচিং করালেও রাশিয়ায় একেবারেই নতুন এই অভিজ্ঞ কোচ। দেশটির ভাষা, রীতিনীতি, সংস্কৃতি—সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে এখন। বিশেষ করে, ভাষাগত সমস্যাটাই বেশি ভোগাচ্ছে। উয়েফা ডট কমকে বললেন সে রকমই, ‘এখানে সবকিছুই সিরিলিকে (রাশিয়ান ভাষালিপি) লেখা। সিরিলিকে কোনো কিছু পড়া খুবই কঠিন। সব সময়ই একজন অনুবাদক দরকার হয় আমার। তাই যেটা বলতে চাচ্ছি, সেটা বোঝানো আরও কঠিন হয়ে পড়ে।’ ওয়েবসাইট।শাস্তিবিশ্বকাপ বাছাইয়ে জাম্বিয়ার বিপক্ষে সুদানের ২-০ গোলের জয়টি কেড়ে নিয়েছে ফিফা। শুধু তা-ই নয়, সুদানি ফুটবল অ্যাসোসিয়েশনকে ৬৪৩০ ডলার জরিমানাও করা হয়েছে। পাশাপাশি উল্টো জাম্বিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা! সুদানের দুই গোলদাতার একজন সাইফ আলির খার্তুমের ওই ম্যাচে খেলার যোগ্যতা ছিল না বলেই এই শাস্তি। হলুদকার্ডের খড়্গ ঝুলে থাকায় ২ জুনের ওই ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন সাইফ। কিন্তু সুদান বিষয়টি বেমালুম চেপে গিয়ে মাঠে নামিয়ে দেয় তাঁকে! জাম্বিয়াই বিষয়টি ফিফার কানে তোলে। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ডি গ্রুপে শীর্ষে জাম্বিয়া। এক পয়েন্ট নিয়ে সুদান নেমে গেছে তিনে। ওয়েবসাইট।