অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনেলকার সাজা

অল্পের ওপর দিয়েই পার পেয়ে গেলেন নিকোলাস আনেলকা। ওয়েস্ট হামের সঙ্গে তাঁর বিতর্কিত গোল উদ্যাপন নিয়ে পড়ে গিয়েছিল ঢিঢি। ওয়েস্ট ব্রম স্ট্রাইকার দিয়েছিলেন নাৎসি স্যালুট। এ ঘটনার পর মুখ ফিরিয়ে নেয় তাঁর পৃষ্ঠপোষকেরা। ইংল্যান্ডে তাঁর খেলারই শেষ দেখে ফেলেছিলেন অনেকে। এফএ আনেলকার উদ্যাপনে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে আঘাত করার উপাদান খুঁজে না পেলেও রায় দিয়েছে ‘অভব্য’। এ জন্য তাঁকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ ম্যাচ, সঙ্গে প্রায় এক লাখ ইউরো জরিমানা। একটা ‘বাধ্যতামূলক শিক্ষাপ্রক্রিয়াও’ সম্পন্ন করতে হবে। কিন্তু এতেও কি শোধরাবেন ফ্রেঞ্চ স্ট্রাইকার? ক্যারিয়ারে বিতর্কের জন্ম তো আর কম দেননি! এএফপি।

লারার প্রেম

বন্ধু বন্ধু খেলা অনেক দিন হলো। ডুবে ডুবে যে জল খাচ্ছেন, সেটা এবার সলজ্জে জানিয়ে দিলেন জেমি বোয়ার্স। কিন্তু কার সঙ্গে প্রেম করছেন সাবেক মিস স্কটল্যান্ড? প্রেমিকের নাম ব্রায়ান লারা।  ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তির সঙ্গে তাঁর গত বছরের পরিচয়টা প্রণয়ে রূপ নিয়েছে ইদানীং। লারার এখন ৪৪ চলছে, বোয়ার্সের ২৪। তবে বয়সের ব্যবধান যে বাধা নয় সেটা তো বোয়ার্সের কথা থেকেই বুঝতে পারেন, ‘সে খুবই হাসিখুশি ও রোমান্টিক। দেখা যাক কী হয়!’ লারা ফুটবলার বন্ধু ডুইট ইয়র্ককে একটা ধন্যবাদ দিতে পারেন। দুজনের পরিচয়ের মাধ্যম ছিলেন ইয়র্কই! ওয়েবসাইট।