অন্যকলাম
আবারও চেলসিইংলিশ ফুটবলে বর্ণবাদ এবং চেলসি নামটি একই সুতোয় গাঁথা হয়ে গেল নাকি? গত বুধবারের চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের লিগ কাপের ম্যাচের পর আরেকটু হাওয়া লাগল এই বিতর্কের পালে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির এক সমর্থক ইউনাইটেডের স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের উদ্দেশে নাকি বাঁদরের অঙ্গভঙ্গি করেছেন। সেটির ছবি ইংল্যান্ডের কয়েকটি শীর্ষ পত্রিকায় ছাপাও হয়েছে। ছবি দেখে চেলসি জানিয়ে দিয়েছে, তারা বসে নেই। অভিযোগ প্রমাণিত হলে এই খ্যাপাটে সমর্থককে শাস্তি পেতেই হবে। এই বছরের গোড়ায় দিদিয়ের দ্রগবার প্রতি আপত্তিকর মন্তব্য করে এক সমর্থককে আজীবন নিষিদ্ধ হতে হয়েছিল। সুতরাং চেলসির কথা কিন্তু ফাঁকা বুলি নয়! এএফপি।মেসির পাটকেলমাঠের বাইরে নম্র ও বিনয়ী হিসেবে আলাদা একটা ভাবমূর্তি আছে তাঁর। তবে দুর্জনের তো আর অভাব হয় না। হালে কেউ কেউ বলছে মাঠে তো বটেই, মাঠের বাইরেও নাকি সতীর্থদের ওপর ছড়ি ঘোরানোর স্বভাব আছে লিওনেল মেসির। গত দুই বছরে তেয়ো, কুয়েঙ্কা, ভিয়াদের সঙ্গে নাকি মাঝেমধ্যেই বাদানুবাদে জড়িয়ে পড়েছেন মেসি। এসব সমালোচনার জবাবে মেসি অবশ্য দারুণ পাটকেল ছুড়েছেন, ‘আমি খুদে স্বৈরাচারী? মানুষ কী বলে তাতে আমার কিছু যায়-আসে না। আমার সতীর্থরা জানে আমি মোটেও এমন নই।’ নিন্দুকেরা যতই চেষ্টা করুক, বার্সার সুখের সংসারে ভাঙন ধরানো সহজ হবে না! ওয়েবসাইট। বেকার বালাক!চেলসিতে সাপ্তাহিক বেতন ছিল ১ লাখ ২০ হাজার পাউন্ড! চেলসি ছেড়ে বায়ার লেভারকুসেনে ফিরে ও রকম বেতন পাননি। তাই বলে বিনা বেতনেও খেলেননি। তা ছাড়া এত দিনের উপার্জিত কাঁড়ি কাঁড়ি টাকাও তো আছে! সদ্যই পেশাদার ফুটবলকে বিদায় জানানো মাইকেল বালাক মাত্র ৮০০ পাউন্ড জরিমানা দিতে পারছেন না, একি বিশ্বাসযোগ্য? বালাক সম্প্রতি স্পেনে অনুমোদিত সীমার চেয়ে বেশি জোরে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভেঙেছেন। দুই বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিলের পাশাপাশি জরিমানার মুখে সাবেক জার্মান অধিনায়ক। যদিও তাঁর আইনজীবীর দাবি, বালাক এখন বেকার বলে এই জরিমানা দিতে পারবেন না! ওয়েবসাইট।