অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেস্তার দুঃখ
ফন বাস্তেন-খুলিতদের পর্যন্তও যাওয়া লাগবে না। কাকা-ইনজাগিরাও তো উৎসবের উপলক্ষ কম এনে দেননি এসি মিলানকে। অবস্থা এখন এমন, সেই মিলানকেই জাবর কাটতে হচ্ছে পুরোনো সুখস্মৃতির। এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে এর মধ্যেই বাদ, সামনের আসরেও যে থাকছে না সেটি মোটামুটি নিশ্চিত। আলেসান্দ্রো নেস্তা নিজে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মিলানের হয়ে। দলের এমন দুর্দশায় তাই ব্যথিত সাবেক মিলান ডিফেন্ডার, ‘এই মিলানকে আমি চিনি না। এই ক্লাবটা এখন আর আগের মতো বড় কিছু ভাবতে পারে না। এখন সেই সামর্থ্যও নেই তাদের। সে জন্যই মিলান ও ইতালির এ অবস্থা।’ ওয়েবসাইট।
আকমলের রক্ষা
এ-যাত্রা তাহলে পারই পেয়ে গেলেন! কদিন আগেও মনে হচ্ছিল ব্যাট-প্যাড ফেলে দিয়ে বুঝি আদালতে দৌড়ঝাঁপ করতে হবে উমর আকমলকে। লাহোরের এক ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার জন্য কয়েক ঘণ্টা হাজতবাস করতে হয়েছে। পরে জামিনে ছাড়া পান পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান। সেই মামলা থেকে কাল অব্যাহতি পেয়েছেন ২৩ বছর বয়সী আকমল। আকমলকে ‘উদ্ধার’ করেছেন পুলিশের নিগৃহীত সদস্য নিজেই। মোহাম্মদ জিসান নামের সেই পুলিশ জানিয়েছেন, ‘আমি আকমলকে সতর্ক করে দিয়েছি, কারণ সে একজন জাতীয় বীর।’ তবে জিসানের সতর্কবাণী, ‘আবার যদি আকমল এ রকম করেন, তাহলে আর পার পাবেন না।’ ন্যাড়া কি আর দুবার বেলতলায় যায়! এএফপি।