অন্যকলাম
সাধারণ তেভেজ
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনা স্লোগানে মুখর, ‘তেভেজকে ব্রাজিলে চাই’। কার্লোস তেভেজ অবশ্য স্বদেশে ভীষণই জনপ্রিয়। এমনকি লিওনেল মেসিও তেভেজের মতো জনপ্রিয় নন। এখন তো জুভেন্টাস স্ট্রাইকারকে বলা হচ্ছে ‘গণমানুষের খেলোয়াড়’। এই যে ভক্তদের এত ভালোবাসা, তেভেজ নিজে কতটুকু আপ্লুত? নিজেকে মহারাজ নয়, সাধারণ্যের কাতারেই দেখেন, ‘আমি সাধারণ একজন মানুষ। এই নাম তো আমি নিজেকে দিইনি। তবে মানুষ যখন আমাকে এমন নামে ডাকে, তখন আমি খুশি হই।’ কিন্তু আর্জেন্টিনায় এই তেভেজ-বন্দনা কোচ আলেসান্দ্রো সাবেলার কানে কি পৌঁছেছে? ওয়েবসাইট।
ভিমরুলের ভয়ে...
গলফ খেলায় এমনিতে খুব বেশি ঝুঁকি নেই। প্রাণসংশয়ের ভয় তো খুবই কম। কিন্তু পাবলো লারাজাবাল এতে একমত না-ও হতে পারেন। এমনই ভয় পেয়েছিলেন, পরে টুইট করেছেন, ‘জীবনে কখনো এত ভয় পাইনি।’ তা স্প্যানিশ গলফারের হয়েছিল কী? কুয়ালালামপুরের মালয়েশিয়ান ওপেনে ৫ নম্বর হোল খেলছিলেন লারাজাবাল। হঠাত্ করেই একপাল ভিমরুল আক্রমণ করে বসে তাঁকে। হাত-পা ছুড়ে যখন দেখলেন নিস্তার অসম্ভব, উপায়ান্তর না দেখে ঝাঁপ দিলেন কাছের হ্রদে। এর মধ্যে গোটা বিশেক কামড় হজম করতে হয়েছে। তা-ও ভালো যে প্রাথমিক চিকিত্সার পর সেরে উঠেছেন। এএফপি।
পিন্টো সেরা!
কোপা ডেল রের ফাইনালের সেরা পিন্টো! তাও আবার রিয়াল-সমর্থকদের ভোটে! নাহ্, ভুল পড়েননি। স্পেনের টেলিভিশন টিভি ই ফাইনালের ম্যাচ-সেরা নির্বাচনে চালিয়েছিল জরিপ। সেখানে পিন্টো পেয়েছেন ৭৫ শতাংশ ভোট, ম্যাচে দুর্দান্ত খেলা বেলের ভোট ২০ শতাংশ! রিয়াল-সমর্থকেরা সমানে ভোট দিয়েছেন পিন্টোকে। যাঁরা খেলা দেখেছেন তাঁরা অবশ্য কারণটা ধরে ফেলেছেন এতক্ষণে। ডি মারিয়ার করা রিয়ালের প্রথম গোলটি তো পিন্টোর ভুলেই! পরে অবশ্য রসিক ভোটারদের হতাশ করে টিভি কর্তৃপক্ষ সেরা বেছেছে বেলকেই। ওয়েবসাইট।