অন্যকলাম
প্রত্যাখ্যানএ বছরের ইউরো শেষেই তুলে রেখেছেন বুট জোড়া। ইউক্রেনের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আন্দ্রেই শেভচেঙ্কো কোনো একসময় জাতীয় দলের কোচ তো হতেই পারেন। কিন্তু কোচ হওয়ার প্রস্তাবটা বড্ড তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলেন শেভা। সপ্তাহ খানেক আগে ইউক্রেন ফুটবল ফেডারেশন তাঁকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানায়। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দিলেন এসি মিলানের সাবেক স্ট্রাইকার, ‘আমি মনে করি, এ মুহূর্তে ইউক্রেনের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য পরিণত নই আমি। আশা করি, ফুটবল ফেডারেশন আমার সিদ্ধান্তটা বুঝতে পারবে।’ ভালো ছাত্র যে সব সময় ভালো শিক্ষক হতে পারেন না, এটা সম্ভবত বুঝতে পেরেছেন শেভা। রয়টার্স।শ্রমিক-কর্মকর্তাটি-টোয়েন্টির এই ধুন্ধুমার যুগে ব্যাটিংবান্ধব উইকেটে বোলারদের নাভিশ্বাস ছুটছে। সবাই দেখতে চায় চার-ছয়ের ফুলঝুরি। বোলাররা এখানে সত্যিকার অর্থেই শোষিত শ্রেণীর, আর ব্যাটসম্যানরা শাসক। কিন্তু কপিল দেবের চোখে বোলাররা ‘শ্রমিক’ ও ব্যাটসম্যানরা ‘কর্মকর্তা’। ভারতের সাবেক অধিনায়কের খেদ, ‘কে এখন বোলার হতে চায়? সবাই টেন্ডুলকার, শেবাগ, ধোনি বা গম্ভীর হতে চায়। বোলাররা তো শ্রমিক। কে শ্রমিক হতে চায় বলুন? সবাই চায় অফিসার হতে।’ নিজে ছিলেন সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, তবে ‘বোলার’ পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কপিল। সেজন্যই হয়তো ব্যাটসম্যানদের রাজ্যপাটে ‘নিপীড়িত’ বোলারদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। ওয়েবসাইট। আইডিয়া চুরি!অগুনতি দর্শকের চোখে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ছড়িয়েছিল মুগ্ধতার আবেশ। ব্রিটিশ পরিচালক ড্যানি বয়েল অনুষ্ঠানটির জন্য ভেসে গিয়েছিলেন প্রশস্তি-বন্যায়। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য কাহিনি। অনুষ্ঠানের জন্য চিরায়ত ব্রিটিশ পটভূমিতে একটি সেট নির্মাণ করেছিলেন বয়েল। এই সেটের মূল ভাবনা নাকি লি স্যান্ডাল নামে একজন ব্রিটিশ শিল্পীর। অন্তত তাঁর দাবি সে রকমই। ডেইলি মেইল জানিয়েছে, ৪২ বছর বয়সী স্যান্ডাল তাঁর আইডিয়া চুরির অভিযোগ এনে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে অলিম্পিকের এত দিন পর কেন এ ব্যাপারে তিনি মুখ খুললেন সেটা কিন্তু রহস্যাবৃতই। ওয়েবসাইট।