অন্যকলাম
বোল্টের খায়েশসর্বকালের সেরা দৌড়বিদ হিসেবে একবাক্যে প্রায় গোটা বিশ্বই তাঁকে মেনে নিয়েছে। ১০০ মিটারে ৯.৫৮ সেকেন্ডের ‘অতিমানবীয়’ বিশ্ব রেকর্ড গড়েছেন। এই উসাইন বোল্ট যখন কমনওয়েলথে সোনা জেতাকে বড় একটা লক্ষ্য হিসেবে নেন, ব্যাপারটা কেমন যেন হাস্যকর লাগে। অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপের তুলনায় কমনওয়েলথ তো বোল্টের কাছে নস্যি। কিন্তু দুই বছর পর গ্লাসগো কমনওয়েলথ গেমসে শিরোপা জয়ের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বোল্ট। এখনো যে এই পদকটা তাঁর কাছে অধরা! ওই সময় ভীষণ ব্যস্তই থাকবেন, তার পরও কমনওয়েলথের জন্য সময় বের করতে পারবেন বলে আশাবাদী। এভারেস্ট বিজয়ী যেন জিততে চাইছেন বাড়ির পাশের টিলা! এএফপি।কোচের হাহাকার‘আপনি সৈন্যদের যুদ্ধে এনেছেন, অথচ তাদের খাবার নেই। কীভাবে আপনি ওদের কাছ থেকে লড়াই চান? শুধু ভালোবাসা আর টিম স্পিরিট দিয়ে?’ বক্তার নাম জোরান জর্জেভিচ। বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই সার্বিয়ান কোচ এখন দক্ষিণ সুদানের কোচ। ১৬ মাস আগে স্বাধীন হওয়া দুর্ভিক্ষপীড়িত দক্ষিণ সুদান গতকালই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। পূর্ব ও মধ্য আফ্রিকার চ্যালেঞ্জ কাপে খেলতে গেছে মাত্র ১৫ জন খেলোয়াড় নিয়ে। দেশটির খেলোয়াড়দের দুই বেলা আহার জোটে না ঠিকমতো। মাঠে ভালো খেলবে কী করে? ইথিওপিয়ার বিপক্ষে নামার আগে রেডিও সাক্ষাৎকারে হাহাকারই ঝরেছে খ্যাপাটে স্বভাবের জোরানের কণ্ঠে। ওয়েবসাইট।