অন্যকলাম
সতর্কবার্তাকদিন আগে কোপা সুদামেরিকানা জিতেছে সাও পাওলো। তবে আর্জেন্টিনার তাইগ্রের বিপক্ষে জয়টা ম্লান হয়ে গেছে সহিংসতায়। ঘটনা এত দূর গিয়েছিল যে, দ্বিতীয়ার্ধে তাইগ্রে আর মাঠেই নামেনি। এই সাও পাওলো বিশ্বকাপের ভেন্যুগুলোর একটি। বিশ্বকাপের বাকি নেই দুই বছরও। এই সময় এমন ঘটনা বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থাকেই ফেলে দেয় প্রশ্নের মুখে। খোদ ফিফার সভাপতিই যখন সতর্ক করে দেন, বুঝতে হবে ব্রাজিলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে, ‘এ ধরনের ঘটনা আয়োজকদের জন্য একটা সতর্কবার্তা। কোনো ফুটবল ম্যাচের দ্বিতীয়ার্ধ আর না হওয়াটা অবশ্যই লজ্জার ব্যাপার।’ ব্রাজিল-কর্তারা পক্ষপাতদুষ্ট চশমাটা চোখ থেকে খুলতে পারলেই হয়! এএফপি।মেয়র ইসিনবায়েভাখেলোয়াড় পরিচয়টা এখনো উজ্জ্বল। সাময়িক অবসর ভেঙে ফিরেছেন। তবে এরই মধ্যে ইয়েলেনা ইসিনবায়েভা নেমে পড়লেন আরেক ভূমিকায়। মেয়র নির্বাচিত হয়েছেন ৩০ বছর বয়সী পোলভোল্টের রানি। না, কোনো নগর বা শহরের নির্বাচিত জনপ্রতিনিধি নন, ২০১৪ শীতকালীন অলিম্পিকের জন্য নির্মাণাধীন অলিম্পিক ভিলেজের মেয়র হয়েছেন ইসিনবায়েভা। ২০১৪ শীতকালীন অলিম্পিক হবে রাশিয়ার সোচিতে। এ জন্য সমুদ্র-উপকূল ও পর্বতের পাদদেশে দুটি অলিম্পিক ভিলেজ নির্মাণ করা হচ্ছে। সমুদ্র-উপকূলের ভিলেজটিরই মেয়র হয়েছেন তিনি। এই ভিলেজে আশ্রয় নেওয়া দুই হাজার ২০০ অ্যাথলেটের দেখভাল করাই হবে তাঁর দায়িত্ব। অন্যটির মেয়র বেছে নেওয়া হবে পরে। ওয়েবসাইট।ভক্তের নকশায়মেসি-ভক্তরা ভালো করে চোখ রাখুন আজ মেসির পায়ে, কারণ আজ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেসি খেলবেন এক ভক্তের নকশা করা বুট পায়ে গলিয়ে। নকশা বাছাই করেছেন মেসি নিজেই। এই ভক্তের নাম হাভিয়ের পাসকুয়াল মুলর। ১৪ হাজার ২০০ প্রতিদ্বন্দ্বীকে তিনি হারিয়েছেন। গত অক্টোবরে মেসির ফেসবুক পেজে নকশা চাওয়ার পর সাড়া পড়ে যায়। মেসির বুটের স্পনসর অ্যাডিডাসই বানিয়েছে সাদা, লাল ও কালো রঙের এই বুট; যাতে আছে আর্জেন্টিনার পতাকা, মেসির আইকন লোগো ছাড়াও একপাশে ‘লিও ১০’ ও অন্য পাশে ‘থিয়াগো’ লেখা। ওয়েবসাইট।