অন্যকলাম
মেসি অতিপ্রাকৃতফুটবল-বিশ্বে এ নিয়ে বিতর্ক, আলোচনার শেষ নেই। কে সেরা, ডিয়েগো ম্যারাডোনা না লিওনেল মেসি? দুজনেরই পক্ষে হাজারো যুক্তি। কিন্তু আর্জেন্টিনায় এই প্রশ্ন তোলা অনেকটা পাপ করারই শামিল। দুজনই যে আর্জেন্টিনার প্রিয় সন্তান! দুই সময়ের দুই সেরার তুলনার ঝামেলায় যেতে চাননি আলেজান্দ্রো সাবেলাও। তবে সাবেক সতীর্থের চেয়ে বর্তমান শিষ্যের প্রতি যে তিনি পক্ষপাতদুষ্ট, সেটি তিনি আড়াল করতে পারেননি। দুজনের তুলনায় লা প্লাটার ইংরেজি দৈনিক এল দিয়াকে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘খেলাটা অনেক বদলে গেছে, শারীরিকভাবে, কৌশলগতভাবেও। এখন ভাবার সময় অনেক কম পাওয়া যায়। আমার মতে মেসি অতিপ্রাকৃত কিছু!’ ওয়েবসাইট।রহস্যফেলপ্স্-পরবর্তী যুগে তিনিই সবচেয়ে বড় সাঁতারু। ইস্তাম্বুলে বিশ্ব শর্ট কোর্সে ছয়টি সোনাসহ আটটি পদক জিতে রায়ান লোকিট তা প্রমাণও করলেন। এ নিয়ে তাঁর আন্তর্জাতিক পদক হলো ৭০টি। লোকিটর এই সাফল্যের রহস্য শৈশবে এক সাঁতারুর প্রত্যাখ্যান! লোকিটই বলেছেন, ‘মনে আছে, আমি যখন ছোট ছিলাম, এক সুপারস্টারকে সামনে পেয়ে যাই, একজন অলিম্পিয়ান। তাঁর নাম বলব না, আমি একটা অটোগ্রাফ চাইলে তিনি না করে দেন। আমার বয়স ছিল আট বছর। আমি মুষড়ে পড়েছিলাম।’ বাবা-মার কাছে তখনই প্রতিজ্ঞা করেছিলেন, কোনো দিন ওই পর্যায়ে যেতে পারলে অটোগ্রাফশিকারিদের বঞ্চিত করবেন না। এএফপি।ধৈর্যচ্যুতিপ্রতিভাবান বলেই ছাড় পেয়ে আসছেন নানা সময়ে। কিন্তু শুধু প্রতিভার দোহাই দিয়ে আর কত? দলীয় শৃঙ্খলাও তো গুরুত্বপূর্ণ! মারিও বালোতেল্লিকে এসব কে বোঝাবে! শৃঙ্খলা ভঙ্গের নানা ঘটনায় এই স্ট্রাইকারকে ৩ লাখ ৪০ হাজার পাউন্ড জরিমানা করেছে তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি। জরিমানার বিরুদ্ধে আপিল করার পর সেটাও খারিজ করে দিয়েছে সিটি। বালোতেল্লি এরপর ব্যাপারটাকে নিয়ে গেছেন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ পর্যন্ত। আগামীকাল দুই সদস্যের প্রিমিয়ার লিগ ট্রাইব্যুনালের সামনে হাজির হবেন বালোতেল্লি। কিন্তু সিটি কি এতটা সহ্য করে! জোর গুঞ্জন সিটিতে বালোতেল্লির দিন ফুরোল। আগামী মাসেই বেচে দেওয়া হবে ‘দুষ্ট গরুকে’! ওয়েবসাইট।