অন্যকলাম
এবার শাহরুখএকটা রাজনৈতিক সংগঠন হয়েও ঘন ঘন খেলার পাতার খবর হচ্ছে ভারতের শিবসেনা। শচীন টেন্ডুলকারের সমালোচনা করেছে তারা, টেন্ডুলকার ‘যথেষ্ট মারাঠি অন্তঃপ্রাণ’ নন বলে। এরপর সমালোচনা করেছে পুরো ভারতীয় দলেরই, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করেনি বলে। এবার শিবসেনার আক্রমণের শিকার শাহরুখ খান। ভারতের এই কট্টরপন্থীরা বলা যায় একরকম খুশিই হয়েছিল আইপিএলে কোনো পাকিস্তানি ক্রিকেটার না থাকায়। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ আবার তোড়জোড় করছেন আবদুল রাজ্জাককে কেনার জন্য। ‘শাহরুখের যদি পাকিস্তানিদের সঙ্গে এতই খেলার শখ থাকে, তাহলে উনি করাচি কিংবা ইসলামাবাদে চলে যান না কেন?’—প্রশ্নটা শিবসেনার। ওয়েবসাইট।দেড় লাখ বছর!গত ৭৪ বছরে কোনো ব্রিটিশ যে পুরুষ এককে কোনো গ্র্যান্ড স্লাম জেতেনি—এই তথ্য হাজারবার জানা হয়ে গেছে আপনাদের। অ্যান্ডি মারের সৌজন্যে। তবে নতুন তথ্য দিলেন রজার ফেদেরার। ব্রিটিশদের হাতে নাকি সর্বশেষ গ্র্যান্ড স্লাম ট্রফি উঠেছিল দেড় লাখ বছর আগে! কাল সেমিফাইনালে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে উড়িয়ে দেওয়ার পর ‘মারে এবং ব্রিটিশদের অপেক্ষা’ নিয়ে কৌতুক করেছেন এক নম্বর তারকা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ মারের জন্য সমবেদনাও জানিয়েছেন তিনি। ‘আসলে এটা অনেকটা হাস্যকর। এই প্রশ্নটা ওকে অজস্রবার শুনতে হয়েছে। এই প্রশ্ন শুনতে শুনতে ও বিরক্ত না হলেই আমি বরং অবাক হব’—বলেছেন ফেদেরার। এএফপি।ইতিবাচক ইউসুফএই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষটির নাম কী? চোখ বুঝে মোহাম্মদ ইউসুফের পক্ষে বাজি ধরতে পারেন। টেস্টের পর এখন তাঁর নেতৃত্বে পাকিস্তান ওয়ানডেতেও ধবল ধোলাই হওয়ার পথে। আর সেই সময়ই ইউসুফ কিনা দাবি করে বসলেন, তাঁর নেতৃত্বে ভালোই খেলছে দল! ‘পাকিস্তান থেকে অনেক দল এখানে (অস্ট্রেলিয়ায়) এসে খেলে গেছে। অনেক গ্রেট খেলোয়াড়ও ছিল তাদের দলে। কিন্তু আমাদের মতো খেলতে পারেনি। অথচ আমার দলটা ছিল আনকোরা। একেবারে শূন্য থেকে শুরু করতে হয়েছে আমাকে। অস্ট্রেলিয়ায় আমরা ভালো ক্রিকেটই খেলেছি’—দাবি ইউসুফের। ওয়েবসাইট।