অন্যকলাম
না পারিলে...ফেলব কড়ি, মাখব তেল। এই হলো রাঘববোয়াল ক্লাবগুলোর নীতি। কিন্তু ‘তেল’ যখন মাখার সুযোগ পাওয়া যাচ্ছে না, তখন কড়ি ফেলার ব্যাপারে কড়াকড়ি তো করা হবেই! বলা হচ্ছে লিভারপুলের কথা। দলটার এবারকার বেহাল দশার কথা তো সর্বজনে জানে। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে। সেরা চারে থাকতে না পারলে পরের চ্যাম্পিয়নস লিগেও ঠাঁই হবে না টুর্নামেন্টটির অন্যতম সেরা দলটির। ক্লাব কর্তৃপক্ষ তাই কঠোর নীতি নিয়েছে। রিভারপুল পরবর্তী চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হলে খেলোয়াড়দের বেতনের পাঁচ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হবে। চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পাওয়া মানে কমপক্ষে ১২ মিলিয়ন পাউন্ডের ক্ষতি। যে খেলোয়াড়, কোচদের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালা হয়, বিনিময়ে তাঁরা লাভের অঙ্কটা শূন্য করে দিলে সেটার খেসারত তো দিতে হবেই। জেরার্ডদের তাই নড়েচড়ে বসার সময় এসেছে! ওয়েবসাইট।ভালোবাসা নেইব্যস্ত এই জীবনে ভালোবাসার জন্য সময় কোথায় বলুন! কাল সারা বিশ্ব যখন পালন করল ভ্যালেন্টাইনস ডে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তখন মাঠে। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা দখলের লড়াইয়ে। দক্ষিণ আফ্রিকা এই দলের সঙ্গে ভারত সফরে এসেছে গ্রায়েম স্মিথ, পল হ্যারিস, হাশিম আমলাদের স্ত্রী ও বান্ধবীরা। কিন্তু কালকের দিনটায় বিশেষ কোনো আয়োজন করা হয়নি দলের পক্ষ থেকে। বিরহ নিয়েই ভালোবাসা দিবস পার করতে হয়েছে তাঁদের। ‘এই টেস্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু নির্ভর করছে এই টেস্টের ওপর। তাই (ভ্যালেন্টাইনস ডের জন্য) কোনো কিছু আয়োজন করা হচ্ছে না। সন্ধ্যায়ও কোনো পার্টি হবে না’—ম্যাচের আগেই জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া ম্যানেজার। ওয়েবসাইট।হলিফিল্ডের কাণ্ডসংসার-জীবনটা বক্সিংয়ের রিং নয়। স্ত্রী নন মুষ্টিযুদ্ধের কোনো প্রতিপক্ষ। কিন্তু ইভান্ডার হলিফিল্ডকে সেটা বোঝাবে কে? সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছেন হলিফিল্ডের স্ত্রী ক্যান্ডি। তাঁর দাবি, গত ১ ফেব্রুয়ারি রাতে হলিফিল্ড তাঁর মুখে, পিঠে আর মাথায় আঘাত করেছেন। আদালতের দ্বারস্থও হয়েছেন এই ৩০ বছর বয়সী। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ক্যান্ডি আর তাঁর দুই সন্তানের ৫০০ গজের মধ্যে আসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন। ক্যান্ডি অবশ্য মাইক টাইসনের সঙ্গে যোগাযোগ করলেও পারতেন। এই টাইসনকেই তো সবচেয়ে বেশি ডরান হলিফিল্ড! এএফপি।