অন্যকলাম
সোজা মাঠে ক্রীড়া প্রতিবেদকবাহরাইন ক্রিকেট দলের ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল কাল। কিন্তু ফ্লাইট জটিলতায় পৌঁছাতে পৌঁছাতে আজ ভোরই হয়ে যাবে। সফরক্লান্ত দলটাকে তাই ঘুম ঘুম চোখেই নেমে পড়তে হবে মাঠে। বিশ্রামের সুযোগ কোথায়? ফ্লাইট বিভ্রাটের কারণে তো আর ম্যাচের সময় পেছানো যায় না! জিপি-বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে নয়টাতেই শুরু হয়ে যাবে বাহরাইনের একমাত্র একদিনের ম্যাচটা। দলটা অবশ্য কেবল নামেই বাহরাইন, নইলে এটা পাকিস্তান দলেরই কাছাকাছি। দলে আসল বাহরাইনি একজন খেলোয়াড় আর ম্যানেজার। বাকি সবাই পাকিস্তানি বংশোদ্ভূত। পেপসি আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ডিভিশন ফাইভে খেলতে ১৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে নেপালে যাবে তারা। তার আগে ঢাকার ম্যাচটা খেলে হাত মকশো করে যাওয়া। বাহরাইন দল যেমন-তেমন হোক, কোচ কিন্তু বিখ্যাত। বাংলাদেশের সাবেক কোচ মহসিন কামাল এখন আছেন তাদের দায়িত্বে।নাদাল+শাকিরা!খবরটা শুনে সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা মারিয়া ফ্রান্সেসকা পেরেল্লোর। ভালোবাসা দিবসে এ কী খবর শুনতে হলো তাঁকে! তাঁর প্রাণের সখা রাফায়েল নাদাল নাকি মজেছেন পপসুন্দরী শাকিরার প্রেমে! একের পর এক ক্রীড়া-তারকার গোপন প্রেম ফাঁস হয়ে যাচ্ছে যখন, নাদালের সঙ্গে শাকিরার প্রেমের গুঞ্জনটা হালকা করে দেখার উপায় কী? নাদাল অবশ্য জোর গলায় অস্বীকার করেছেন এই গুঞ্জন। যদিও গত মার্চ থেকেই নাকি এই দুজনের প্রেম চলছে। গত সপ্তাহে বার্সেলোনার একটি হোটেলেও একসঙ্গে দেখা গেছে দুজনকে। নাদালের মুখপাত্রের অবশ্য দাবি, বার্সেলোনায় তাঁরা সঙ্গী হয়েছিলেন স্রেফ একটা ভিডিওর শুটিংয়ের জন্য। ওয়েবসাইট।ফ্রেজারের শাস্তি ডেভিড জেমস ফ্রেজার। বয়স ৩৭ বছর। থাকেন অস্ট্রেলিয়ার পার্থে। চিনতে পারছেন না তো? আসলে ফ্রেজারের পরিচয়টা নামে নয়, কাজে। কিছুদিন আগে পার্থে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে এই ফ্রেজারই দৌড়ে ঢুকে পড়েছিলেন মাঠে, টেনেহিঁচড়ে মাটিতে ফেলে দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার খালিদ লতিফকে। সেই ফ্রেজার আবার আলোচনায় পার্থের ম্যাজিস্ট্রেটের আদালতে জরিমানার শাস্তি শুনে। মাঠে অবৈধ অনুপ্রবেশের জন্য ৬ হাজার ডলার আর খেলোয়াড় নিগ্রহের জন্য ৩ হাজার ডলার—পার্থ-কাণ্ডের জন্য মোট ৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে ফ্রেজারকে। তবে তদন্তে নাকি প্রমাণিত হয়েছে ফ্রেজার ওই ঘটনা ঘটিয়েছেন মদ্যপ অবস্থায়, এক বন্ধুর প্ররোচনায়। বেচারা ফ্রেজার! এএফপি।