অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থ টেন্ডুলকার
টেন্ডুলকারকে দেখে লোকে ‘টেন্ডুলকার’ হতে চায়। যুদ্ধবিমানে কেন উড়ে বেড়াতে চাইবে? শচীন টেন্ডুলকারকে শুভেচ্ছা দূত করে তাই কোনো লাভ হলো না ভারতীয় বিমানবাহিনীর। দুই বছরে বাড়েনি বিমানবাহিনীতে যোগ দিতে উৎসাহীর সংখ্যা। লিটল মাস্টারের সঙ্গে তাই সম্পর্ক ছিন্ন করা হলো। ২০১১ সালে শুভেচ্ছা দূত নিয়োগ দিয়ে টেন্ডুলকারকে সম্মানজনক গ্রুপ ক্যাপ্টেন পদবি দেওয়া হয়েছিল। ভারতীয় বিমানবাহিনীর কর্তারা ভেবেছিলেন, টেন্ডুলকার নামের মহিমাতেই বিমানবাহিনীতে নাম লেখাতে হুমড়ি খেয়ে পড়বে তরুণেরা। তা আর হলো কই! ওয়েবসাইট।

১১ না ৭?
ব্রাজিলে ১০ নম্বর জার্সি পরেই যেন বদলে গেছেন। নেইমার অবশ্য আগেই জানতেন, বার্সেলোনায় এই জার্সি পাওয়াটা নিতান্তই দুরাশা। লিওনেল মেসির কাছ থেকে এটা কেড়ে নেয় কার সাধ্য! কপালটা অবশ্য তাঁর ভালোই বলতে হবে, ১০ নম্বর না পেলেও ১১ বা ৭ নম্বর জার্সির যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ডেভিড ভিয়া ও থিয়াগো আলকানতারার বিদায়ে তৈরি হয়েছে সে সুযোগ। নেইমারকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার তাগিদও দিচ্ছে বার্সা। তাঁর নামাঙ্কিত জার্সি বাজারে ছাড়তে হবে না! সেটির যে এখন খুব চাহিদা! ওয়েবসাইট।

বেকহামের প্রস্তাব
পুরো ইংল্যান্ড অপেক্ষার প্রহর গুনছে, কবে পৃথিবীতে আসবে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম সন্তান? অনাগত শিশুর নাম নিয়েও ব্রিটিশদের জল্পনা-কল্পনার অন্ত নেই। ছেলে হলে ডেভিড রাখলে কেমন হয়! অন্য কেউ নয়, প্রস্তাবটা দিয়েছেন আরেক ‘ডেভিড’—ডেভিড বেকহাম! সাবেক ইংলিশ মিডফিল্ডার বলেছেন, ‘ডেভিড তো খুব ভালো একটা নাম! আমি মনে করি, ছেলে হলে তাদের এটাই রাখা উচিত।’ এএফপি।