অন্যকলাম
বোনাসফেবারিটের তকমা যখন গায়ে লেগেই গেছে, সেটিকে সবদিকেই অর্থবহ করে তোলা উচিত। স্পেন ফুটবল ফেডারেশন তাই অর্থের থলি নিয়ে নেমে গেল। আগামী ১১ জুলাই জোহানেসবার্গে বিশ্বকাপ ফাইনাল শেষে ক্রীড়া বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটা উঁচিয়ে ধরতে পারলে ইকার ক্যাসিয়াসদের পকেট ভরে যাবে ইউরোতে। স্পেনের এক একজন খেলোয়াড় পাবেন সাড়ে ৫ লাখ ইউরো, মানে ৭ লাখ ৪৫ হাজার ডলার। বিশ্বকাপের শতদিনের ক্ষণ গণনা শুরুর আগের মুহূর্তে স্পেন ফুটবল ফেডারেশন দিয়ে দিল এই বোনাস ঘোষণা। গত ইউরো জয়ের পর স্পেনের প্রতিটি খেলোয়াড় পেয়েছিলেন আড়াই লাখ ইউরো, এবার বাড়িয়ে দেওয়া হলো আরও ৩ লাখ। বিশ্বকাপ বলে কথা! যেখানে সর্বোচ্চ চতুর্থ স্থান পর্যন্ত দৌড় ছিল স্পেনের। বিশ্বকাপ জয়ের প্রণোদনা হিসেবে ইংল্যান্ড বোনাস ঘোষণা করেছে সাড়ে ৪ লাখ ইউরো করে, তা থেকেও স্পেন এগিয়ে ১ লাখ! স্পেন সত্যিই এবারের বিশ্বকাপের ফেবারিট। এএফপি।মাতেরাজ্জির জবাবমার্কো মাতেরাজ্জির ক্ষমা নেই। কথা দিয়ে এমনই ঢুস মেরেছেন জিনেদিন জিদান। বলেছেন, মাতেরাজ্জির কাছে ক্ষমা চাওয়ার চেয়ে তাঁর মরে যাওয়াই ভালো। পাল্টা জবাবে মাতেরাজ্জি কী বলেন, সেটাই ছিল দেখার। চুপটি মেরে বসে থাকার লোক তো এই ইতালিয়ান ডিফেন্ডার নন। কিন্তু কিবাম আশ্চর্যম, মাতেরাজ্জি পাল্টা কোনো জবাবই দিলেন না। ইতালিয়ান রক-তারকা ভাসকো রসির গানের উদ্ধৃতি দিয়ে বললেন, ‘ভাসকোর মতো বলতে চাই: কোনো কিছু বলার নেই।’ নিজের ওয়েবসাইটে এভাবেই উত্তর দিয়েছেন মাতেরাজ্জি। তবে তাঁর ওয়েবসাইটের প্রথম পাতায় শোভা পাচ্ছে ২০০৬ বিশ্বকাপের ফাইনালের ঢুস-পরবর্তী ছবি: ট্রফিটিকে পাশ কাটিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ছেন জিদান। ফরাসিতে ছবির ক্যাপশন: ‘ধন্যবাদ মিস্টার!’ জবাবটা বোধহয় এখানেই লুকোনো। ওয়েবসাইট।সমর্থক টেন্ডুলকারআরও একজন বড় সমর্থককে পেয়ে গেল ভারতের হকি দল। কদিন আগে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো শচীন টেন্ডুলকার জানালেন, দলের ওপর পূর্ণ সমর্থন আছে তাঁর, ‘আমি হকি বিশেষজ্ঞ নই। তবে আর সবার মতো আমিও ওদের বড় ভক্ত। প্রত্যাশা অনুযায়ী ওরা খেলুক আর না-ই খেলুক আমার সমর্থন সব সময় থাকবে।’ মাত্র একবার বিশ্বকাপ জেতা ভারত এবার নিজের দেশে খেলছে। আর সবার মতো ‘শিরোপা চাই’ বলে প্রত্যাশার ভার চাপিয়ে দিতে চাইলেন না টেন্ডুলকার। শুধু এটুকু বললেন, ‘আমরা সব সময় তোমাদের পাশে থাকব। খেলায় ওঠা-নামা থাকবেই, কিন্তু আমাদের সমর্থন অব্যাহত থাকবে। তোমাদের কঠিন সময়ে আমাদের সমর্থন বরং আরও দৃঢ় হবে।’ ওয়েবসাইট।