অন্যকলাম
প্রতিকূল আবহাওয়াকাল রাতে জার্মানির মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের সঙ্গে লড়াই করার আগে আর্জেন্টিনা দলকে সামলাতে হয়েছিল জার্মানির ঝোড়ো বাতাস আর তাদের জন্য প্রতিকূল আবহাওয়া। যে আবহাওয়ার কারণে আর্জেন্টিনা দলের বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছিল বলে জানিয়েছেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। পেরুর উচ্চতায় গিয়ে খেলার চেয়ে জার্মানির আবহাওয়া তাঁর কাছে বেশি প্রতিকূল মনে হয়েছে জানিয়ে ম্যারাডোনা বলেছেন, ‘পেরুতে গিয়ে ড্র করে আসা ম্যাচটার চেয়ে মিউনিখে নামা ছিল আরও বেশি জঘন্য। অনেকেই বমিটমি পর্যন্ত করেছে।’ মাইকেল বালাকদের নিয়ে মাথা ঘামানোর আগে কোচকে তাই বেশি করে ভাবতে হয়েছে খেলোয়াড়দের কীভাবে সুস্থ করে তোলা যায় সেটি নিয়ে। এএফপি। আসিফের বিয়েপাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক ঘটনা-অঘটনের জন্ম দিয়েছেন মোহাম্মদ আসিফ। প্রতিভাবান কিন্তু উড়নচণ্ডী স্বভাবের এই পাকিস্তানি পেসারের থিতু হওয়ার সময় এসে গেছে। বিয়েশাদি করে যে সংসার পেতে বসেছেন আসিফ। কনের নাম হিনা হিলাল। আসিফ নিজেও বলেছেন, ‘বিবাহিত পুরুষ হয়ে আমি আনন্দিত। আশা করব, আমার স্ত্রী আমার ব্যক্তিগত আর ক্রিকেট জীবনে সৌভাগ্য বয়ে আনবে।’ বিয়ে-প্রেম নিয়েও আসিফকে জড়িয়ে কম রটনা হয়নি। টিভি উপস্থাপিকা বীনা মালিকের সঙ্গে প্রেম করছেন, এমনকি লন্ডনে এই দুজন গোপনে বিয়ে করে ফেলেছেন—এ খবরও এসেছিল। বীনা জানাচ্ছেন, আসিফ আসলে প্রথমে তাঁকেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নিজের ক্যারিয়ারের দিকে তাকিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বীনা। বীনার বদলে শেষ পর্যন্ত তাই হিনা! ওয়েবসাইট। ফিরে পাওয়াবাবাকে ফিরে পেয়েছেন লুইস হ্যামিল্টন। না, এমন নয় যে সাবেক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের বাবা হারিয়ে গিয়েছিলেন। আসলে এত দিন হ্যামিল্টনের ম্যানেজারের দায়িত্ব পালন করতে হয়েছে অ্যান্থনিকে। সেই আট বছর বয়সে ক্যারিয়ার শুরু করা থেকে সর্বকনিষ্ঠ চালক হিসেবে ফর্মুলা ওয়ান জেতা—হ্যামিল্টনের পুরো ক্যারিয়ারে বাবার যত্নের ছাপ খুঁজে পাওয়া যাবে। অবশেষে অ্যান্থনি সিদ্ধান্ত নিয়েছেন, ছেলের ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। সিদ্ধান্তটি ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন ২৫ বছর বয়সী হ্যামিল্টন, ‘আমি সত্যিই খুব উচ্ছ্বসিত, কারণ এখন আমি আমার বাবাকে একজন বাবা হিসেবেই পাব। বাবার সঙ্গে বিয়ার খেতে যাব, বোলিং খেলব, ছুটি কাটাব।’ ওয়েবসাইট