অন্যকলাম
বোনাস প্রেরণাফর্ম-টর্ম সবই ঠিক আছে। কিন্তু যে চাপ নিয়ে খেলছেন, তাতে ওয়েইন রুনি না বিশ্বকাপ আসতে আসতে সব শক্তি ফুরিয়ে ফেলেন! এমনই শঙ্কা অনেকের। বিশ্বকাপে রুনি যাতে ফর্ম না হারান তার ভালো বন্দোবস্ত করেছে বুট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। আগামী বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে পারলে ৫ লাখ পাউন্ড (সোয়া ৫ কোটি টাকা) বোনাস হিসেবে পাবেন এই ইংলিশ স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ গোল করে গোলদাতা তালিকায় সবার ওপরে তাঁর নাম। মেসি-তোরেস-ভিয়াদের টপকে আগামী বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে পারলে শুধু ৫ লাখ নয়, আরও অনেকে নিশ্চয়ই পকেট ভরিয়ে দেবে তাঁর। গোল্ডেন বুটও পাবেন, সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপে যা পেয়েছিলেন কোনো ইংলিশ স্ট্রাইকার। ওয়েবসাইট।আদ্রিয়ানো আবারনৈশজীবন, প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি, মাঝখানে নিখোঁজ হয়ে যাওয়া—এসব ঝুটঝামেলাই ইতি টেনে দিয়েছিল আদ্রিয়ানোর ইন্টার মিলান অধ্যায়। নিজেকে ফিরে পেতে নিজের প্রথম ক্লাব ফ্ল্যামেঙ্গোতে ফিরে আসেন। সবকিছুই ভালো যাচ্ছিল। গত বছর ক্লাবকে লিগ শিরোপাও জিতিয়েছেন। কিন্তু এরই মধ্যে নিশিযাপনে উন্মত্ত ‘আদ্রিয়ানোটা’ও নাকি ফিরে এসেছে। শুক্রবার ক্লাবের অনুুশীলনে হাজির হতে পারেননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শাস্তি হিসেবে পরের দুই ম্যাচে তাঁকে খেলাবে না ক্লাবটি। ‘আদ্রিয়ানোর ব্যক্তিগত সমস্যা আছে। রোববারের মধ্যে সেই সমস্যা মিটিয়ে পুরো সপ্তাহ কঠোর অনুশীলন করে ফর্মে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আদ্রিয়ানোর সমস্যাগুলো খুবই বিরক্তিকর। আমরা সবাই সেটা জানি’—জানিয়েছেন ফ্ল্যামেঙ্গোর সহসভাপতি মার্কোস ব্রাজ। ওয়েবসাইট।দুয়োতেই টনিকরিকি পন্টিংয়ের কথা সত্যি হলে নিউজিল্যান্ড সমর্থকদের এবার ক্ষান্ত দেওয়াই ভালো। অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, দর্শকেরা যে মিচেল জনসনকে দুয়ো দিচ্ছে, তাতে লাভ হচ্ছে নাকি অস্ট্রেলিয়ারই। রেগেমেগে হুঁশ হারিয়ে না ফেলে সেই দুয়োর জবাব বাঁহাতি ফাস্ট বোলার বল হাতেই দিচ্ছেন। দুয়ো নাকি জনসনের জন্য কাজ করছে টনিকের মতো! প্রথম ম্যাচে স্কট স্টাইরিসের সঙ্গে মুখোমুখি বাদানুবাদের পর থেকেই নিউজিল্যান্ড সমর্থকদের লক্ষ্যবস্তু এখন জনসন। দ্বিতীয় ওয়ানডেতে অকল্যান্ডের গ্যালারি প্রায় পুরো সময়টাতেই সুর করে গালাগাল করে গেল জনসনের উদ্দেশে। কিন্তু প্রথম ম্যাচে মাত্র একটি উইকেট পাওয়া জনসন ওই ম্যাচে নিয়ে নিলেন চার উইকেট! দুয়ো না দেওয়াই বরং ভালো। ওয়েবসাইট।