অন্যকলাম
মারিওর মেজাজ
ভুল কারণে আবারও খবর মারিও বালোতেল্লি। কদিন আগে রেফারিকে গালিগালাজ করে নিষিদ্ধ হয়েছেন, এবার এক টিভি ক্যামেরাম্যানের সঙ্গে করলেন দুর্ব্যবহার! আর্মেনিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটা খেলতে পরশু সন্ধ্যায় নেপলসে পা রেখেছেন বালোতেল্লি। ওইদিনই এক টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা চালান বালোতেল্লি। ক্যামেরাটা মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলারও চেষ্টা করেন। গাজেত্তা দেল্লো স্পোর্ত জানায়, ওইদিন সকাল থেকেই বালোতেল্লির মুডটা খারাপ ছিল। পরে অবশ্য কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ওই ক্যামেরাম্যান তাঁরই ক্লাব এসি মিলানের মালিক সিলভিও বেরলুসকোনির টিভি স্টেশনে কাজ করেন। দুঃখপ্রকাশ করার এটাও একটা কারণ হতে পারে। ওয়েবসাইট।
বেকহামের বাড়ি
ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম ইংল্যান্ডে আরেকটা বাড়ি কিনতে যাচ্ছেন। এটা পুরোনো খবর। ৪৬ কক্ষের বিশাল বাড়িটি কেনার আগে আরও একটা পরিকল্পনা হাতে নিয়েছেন বেকহাম দম্পতি। লস অ্যাঞ্জেলস থেকে ঠিকানা বদলে ইংল্যান্ডে ফিরতে চাইছেন তাঁরা। কিন্তু শুধু চাইলেই তো আর হবে না, নতুন বাসাটাকে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে নিতে হবে তো। সে জন্য একজন মার্কিন ডিজাইনার নিয়োগও দিয়েছেন তাঁরা। কেলি হোপেন নামের এই ডিজাইনার বাড়িটায় মার্কিন আদলেই সাজাবেন, যাতে করে লস অ্যাঞ্জেলস থেকে লন্ডনে এসে সহজেই মানিয়ে নিতে পারেন বেকহাম পরিবার। ওয়েবসাইট।