অন্যকলাম
ক্ষমাসব দোষ তাহলে ওয়াকার ইউনুসের! পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিকতম নাটক ‘বদলি বদল’ নিয়ে যে এত কাণ্ড হয়ে গেল, এর সব দায় নাকি পাকিস্তান কোচের। অন্তত পাকিস্তান ক্রিকেট বোর্ডের বক্তব্য এমনই। উমর গুল ও ইয়াসির আরাফাত ইনজুরিতে পড়ার পর তড়িঘড়ি করে মোহাম্মদ সামির সঙ্গে মোহাম্মদ ইরফানের নাম ঘোষণা করে দিয়েছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক, কোচ ও অধিনায়ক। বোর্ড পরে আবার সামির সঙ্গে দলে নেন আবদুর রেহমানকে। তবে ওয়াকার নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন, এমন ‘হটকারিতার’ পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাঁর বিরুদ্ধে। পিসিবির প্রধান ইজাজ বাটের কাছে নাকি ক্ষমা চেয়েছেন ওয়াকার। আর এ জন্যই তিনি পার পেয়ে যাচ্ছেন! ওয়েবসাইট। শত্রুপক্ষে প্রীতিম্যাচটা যখন ‘প্রীতি’, সেটি ‘শত্রুপক্ষের’ সঙ্গে নির্ধারণ করাই ভালো! ইংলিশ ফুটবলের অভিভাবক সংস্থা এফএর ১৫০ বছর পূর্তি হচ্ছে ২০১৩ সালে। সেই উপলক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইংল্যান্ড প্রীতি ম্যাচের পরিকল্পনা করা হয়েছে। সেই ১৯৬৬ বিশ্বকাপ থেকে এই দুই দলের মধ্যে খুটখাট ঝামেলা চলছে। ডিয়েগো ম্যারাডোনা যেটিকে রীতিমতো ‘যুদ্ধের’ পর্যায়ে নিয়ে যান ১৯৮৬ বিশ্বকাপে। এর পর আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ থেকে ডেভিড বেকহামের প্রস্থান, পরের বিশ্বকাপে বেকহামের প্রতিশোধ—এসব মিলে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ অন্যরকম এক দ্বৈরথ। অবশ্য শত্রুতা নয়, আর্জেন্টিনাকে বন্ধু হিসেবে পেতে চায় ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপ ইংল্যান্ডে আয়োজনের যে চেষ্টা চলছে তাতে আর্জেন্টিনাকে পাশে পেতে এফএর শীর্ষ কর্মকর্তারা সফর করছেন ম্যারাডোনার দেশটিতে। ওয়েবসাইট।লেচকভের পরাজয়ফুটবল ময়দানে ভালোই খেলেছেন। কিন্তু রাজনীতির ময়দানে পাকা খেলোয়াড় তিনি নন। বুলগেরিয়ার সাবেক কিংবদন্তি ফুটবলার ইয়োর্দান লেচকভকে তাই হার মেনে সরে দাঁড়াতেই হচ্ছে স্লিভেন শহরের মেয়রের পদ থেকে। পেশাদার ফুটবল থেকে ২০০৪ সালে অবসর নেওয়া লেচকভ হোটেল ব্যবসার পাশাপাশি রাজনীতিবিদ হিসেবে ক্যারিয়ার শুরু করার পর সাফল্য পেয়েছেন সেখানেও। মেয়র নির্বাচিত হওয়াই তার প্রমাণ। কিন্তু তাঁর বিরুদ্ধে বিরোধী পক্ষ স্বজনপ্রীতি আর দুর্নীতির অভিযোগ এনেছে। অবশেষে স্থানীয় একটি আদালত পরশু তাঁকে পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে গোল করে বিখ্যাত হয়ে যাওয়া লেচকভ মাথা নিচু করেই তাই আপাতত বিদায় নিচ্ছেন রাজনীতির রঙ্গমঞ্চ থেকে। এএফপি।