অন্যকলাম
একই ভুবনেফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সাবেক প্রেমিকা ফুটবলারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচার কথা বলছেন। আর ডেভিড বেকহামের ছোট বোন জোয়ানে কি না প্রেমবন্ধনে আবদ্ধ হতে চলেছেন একজন ফুটবলারেরই সঙ্গে। সম্প্রতি রিয়াল জারাগোজার ইংলিশ উইঙ্গার জার্মেইন পেনান্টের সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতা করতে নাকি দেখা গেছে তাঁকে। লন্ডনের এক রেস্তোরাঁয় দুজনকে খেতে দেখা গেছে এক টেবিলে। দুজনের দিকে দুজনের চাহনিটা নাকি ছিল খুব ‘আবেগময়’। বেকহামের ছোট বোন জোয়ানে একজনকে ফুটবলারকে ভালোবাসার সিদ্ধান্ত নিতেই পারেন। একজন ফুটবলারের চলাফেরা, আচার-আচরণ তো তাঁর মুখস্থই থাকার কথা। তাঁর ভাই বেকহাম যে সময়ের অন্যতম সেরা ফুটবলার। ওয়েবসাইট। আর নয় ন্যাড়া বেলতলায় কবার যায়? একবারের বেশি নয়! ইলেন রিভস ন্যাড়া নন, তিনি বেলতলায়ও যাননি। তবে একজন ফুটবলারকে ভালোবেসে যথেষ্ট শিক্ষাই হয়েছে স্প্যানিশ এই মডেলের। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের প্রেমিকা ছিলেন রিভস। আংটিও বদল হয়েছিল দুজনার। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই ছাড়াছাড়ি। রিভস কি বিরহে কাতর? মোটেও না! বরং তিনি সোচ্চারে বললেন, বিরহ-টিরহ কিছু নেই। একজন ফুটবলারের কাছ থেকে ছাড় পেয়ে রিভস নাকি আনন্দিত। জীবনে আর কখনো কোনো ফুটবলারকে ভালোবাসবেন না বলে ঘোষণাও দিয়েছেন, ‘জীবনে যত দিন বেঁচে থাকব, কোনো ফুটবলারকে আর ভালোবাসছি না।’ ওয়েবসাইট। বউ-ভাগ্যবউ-ভাগ্য বলে একটা কথা প্রচলিত আছে। শোয়েব মালিক দেখা যাচ্ছে এই সংস্কারে দারুণ বিশ্বাস করেন। পাকিস্তানি এই অলরাউন্ডারের আশা, নববধূ সানিয়া মির্জা তাঁর জন্য নতুন আশার আলো নিয়ে আসবেন। আসলেই কঠিন সময় পার করছেন মালিক। ক্যারিয়ার নিম্নমুখী। অধিনায়কের পদ হারিয়েছেন। এখন তো এক বছরের জন্য নিষিদ্ধই হয়ে আছেন মাঠের বাইরে। ‘বিয়ের পর মানুষের ভাগ্য পাল্টে যায়। আমিও আশা করছি, আমার ভাগ্য পাল্টাবে। আমি আমার ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে পারব’—এক সাক্ষাত্কারে বলেছেন মালিক। বউ-ভাগ্য তাঁর কতটা কাজে দিচ্ছে, সেটি বোঝা যাবে আগামীকালই। পিসিবির শাস্তির বিরুদ্ধে মালিকসহ আরও কজন খেলোয়াড় আবেদন করেছিলেন। সেটারই শুনানি আগামীকাল। এএফপি।