অন্যকলাম
বড় আশা করে এসেছিলেন রাজ-অতিথি। ভেবেছিলেন ঝটিকা সফরে মাঠে এসে প্রিয় দলের জয়টা উপভোগ করবেন। কিন্তু সে আশা দুরাশা! নিষ্ফলা ড্রতেই শেষ হয়েছে অ্যাস্টন ভিলা-সান্ডারল্যান্ড ম্যাচটা। প্রিন্স উইলিয়াম তো আবার অ্যাস্টন ভিলার পাঁড় সমর্থক। প্রিন্স জর্জের জন্মের পর ভিলা জার্সিও উপহার পাঠিয়েছিল খুদে ভক্তের জন্য। মজার ব্যাপার, ব্রিটিশ রাজপুত্রের হতাশার চেয়ে বোধ হয় বেশি কষ্ট পেয়েছেন ভিলা কোচ পল ল্যাম্বার্ট। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার মনে হয় না তিনি ম্যাচের হাইলাইটটা দেখবেন। সম্ভবত মাঠে এসে দেখার জন্য এটা সেরা ম্যাচ ছিল না।’ এএফপি।
অস্ট্রেলিয়ায় নাকাল হচ্ছে ইংল্যান্ড। আবার সেই ইংল্যান্ডে গিয়েই দারুণ একটা কীর্তি করে ফেলেছে অস্ট্রেলিয়া। না, ক্রিকেট দল নয়, কীর্তিটা করেছে অস্ট্রেলিয়া রাগবি দল। নিউজিল্যান্ডকে হারিয়ে পরশু জিতে নিয়েছে ওয়ার্ল্ড রাগবি লিগের শিরোপা। ফাইনালের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক ক্যামেরন স্মিথকে খুদে বার্তাও পাঠিয়েছেন ক্লার্ক। স্মিথ নিজেই জানিয়েছেন সেটা। সংবাদ সম্মেলনে কোনো একজন সাংবাদিক রসিকতা করে জানতে চেয়েছিলেন ক্লার্ক স্লেজিংয়ের কোনো টোটকা দিয়েছেন কি না। স্মিথ অবশ্য হেসে নিরাশ করলেন সেই সাংবাদিককে, ‘না, সে পাঠায়নি। আসলে সেটার কোনো দরকারও হয়নি।’ এএফপি।