অন্যকলাম
হুমকি
রাজস্থান ক্রিকেট সংস্থার (আরসিএ) হয়েছে উভয়সংকট। ১৯ ডিসেম্বর সংস্থার নির্বাচন। আর তাতে অংশ নিতে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিসিসিআইর সাবেক সহসভাপতি ললিত মোদি। কিন্তু সমস্যা হলো, আইপিএলে আর্থিক দুর্নীতির কারণে ক্রিকেট থেকেই আজীবন বহিষ্কার করা হয়েছে বিসিসিআইর সাবেক এই সহসভাপতিকে। আরসিএকে তাই বিসিসিআইর হুমকি—আরসিএসহ সব সদস্যই বিসিসিআইর নিয়ম-কানুন মানতে বাধ্য। বহিষ্কৃত মোদিকে নির্বাচনের সুযোগ দিলে বিসিসিআই সদস্য হিসেবে সব সুযোগ-সুবিধা হারাবে আরসিএ। দেখাই যাক, ভারতীয় বোর্ডের হুমকিকে কতটা আমলে নেয় রাজস্থান ক্রিকেট। ওয়েবসাইট।
গৃহবন্দী
এত দিন বুঁদ হয়ে ছিলেন ফুটবলেই। সংসারধর্মের দিকে তাই খুব একটা মনোযোগ দিতে পারেননি ডেভিড বেকহাম। বাচ্চাদের সামলানো, ঘরকন্নার সব কাজ একাই সামলাতে হয়েছে স্ত্রী ভিক্টোরিয়াকে। বেকহামের হাতে এখন অফুরান অবসর। ভিক্টোরিয়াও স্বামীর ‘বেকারত্বের’ সুযোগটা নিয়ে ফেলেছেন। ব্যস্ত হয়ে পড়েছেন নিজের ফ্যাশন জগৎ নিয়ে। আগে স্ত্রী যা করতেন, সেটাই এখন করতে হচ্ছে বেকহামকে। সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে আসছেন, নিয়েও আসছেন। অন্য কাজ তো আছেই। তবে এই ঘরকন্নার কাজটা সাবেক ইংলিশ ফুটবলার ভালোই উপভোগ করছেন। রসিকতা করে ‘হাউজ-হাজব্যান্ড’ বলা হলেও সেটা মেনে নিয়েছেন বেকহাম! ওয়েবসাইট।
পোপের জন্য
পরশু আর্জেন্টাইন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সান লরেঞ্জো। শিরোপা জিতেই তাদের মনে পড়ে গেল বিশেষ এক ভক্তের কথা। পোপ ফ্রান্সিস। শুধু মনে পড়াই নয়, পোপকে শিরোপাটা উৎসর্গও করবে সান লরেঞ্জো। এ জন্য কালই ক্লাবটির সভাপতি মাতিয়াস লামেন্স, কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি, সহসভাপতি মার্সেলো টিনেল্লি এবং একাধিক খেলোয়াড় ভ্যাটিকান সিটিতে গেছেন পোপের সঙ্গে সাক্ষাৎ করতে। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস সান লরেঞ্জোর পাঁড় ভক্ত। তা ছাড়া লরেঞ্জোর ইতিহাস বলছে, ১৯০৭ সালে লরেঞ্জো মাসা নামের এক ধর্মযাজক তাঁর চার্চের আঙিনায় ছেলেদের ফুটবল খেলার অনুমতি দেন। পরের বছরই ক্লাবটির প্রতিষ্ঠা। এএফপি।