অন্যকলাম
শোকরিয়ালের শিবিরে এখন নাকি শোক আর মাতম। চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতা বা স্প্যানিশ শিরোপা হারানোর ভয়ে নয়। শোক করছেন নাকি বিশ্বকাপে যাঁর যাঁর দেশের দলে ডাক না পাওয়া খেলোয়াড়েরা। অন্তত তিনজন রিয়াল খেলোয়াড় মার্সেলো, ফার্নান্দো গ্যাগো ও করিম বেনজেমা নাকি খুবই ভেঙে পড়েছেন। তা খবরটা দিচ্ছেন কে? দিচ্ছেন গঞ্জালো হিগুয়েইন। স্প্যানিশ লিগের সেরা গোলদাতা হওয়ার দৌড়ে মেসির পেছনেই থাকা হিগুয়েইন অবশ্য ম্যারাডোনার দলে ঠাঁই পেয়েছেন। তার পরও সতীর্থদের দুঃখ ছুঁয়ে যাচ্ছে তাঁকে। তবে সান্ত্বনাও দিচ্ছেন বেনজেমাদের, ‘কেউ এমন একটা টুর্নামেন্ট মিস করতে চায় না। ওরা আসলেই ভেঙে পড়েছে। কিন্তু ওদের বয়স কম। তাই সামনে সুযোগও পাবে।’ এএফপি। প্রতিপক্ষ পুলিশসম্প্রতি সাবেক জার্মান গোলরক্ষক উলি স্টেইন দাবি করেছেন, তাঁর জীবনে দেখা সবচেয়ে অলস খেলোয়াড় লুকাস পোডোলস্কি। মুখে এই অভিযোগ খণ্ডন করে পোডোলস্কিকে বিশ্বকাপ দলে রেখেছেন জার্মান কোচ জোয়াকিম লো। কিন্তু এবার পোডোলস্কির পাশে কে দাঁড়াবে? এবার তাঁর পেছনে স্টেইন নন, লেগেছে জার্মান পুলিশ! অভিযোগ, বেসামাল গাড়িচালনা। সম্প্রতি এলোমেলো গাড়ি চালাতে গিয়ে এই জার্মান স্ট্রাইকার নাকি কোনোক্রমে বড় এক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। একটু হলেই তিনি চাপা দিতেন এক বৃদ্ধ দম্পতিকে। ঘটনার পর ওই দম্পতিকে নাকি যা না তাই বলে গালিগালাজও করেছেন কোলোনের ফুটবলার। এএফপি। স্বর্গীয় প্রচারক২০১৮ বিশ্বকাপ আয়োজন করতে চায় ইংল্যান্ড। প্রচারণায় নেমেছেন প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম, ওয়েইন রুনি, ডেভিড বেকহামরা। এবার যোগ দিলেন লর্ড হোরেসিও নেলসন। না, ইনি নেলসন ম্যান্ডেলার আত্মীয় নন। বিখ্যাত ‘ব্যাটল অব ট্রাফালগারের’ নায়ক ব্রিটিশ নৌবাহিনীর এই ভাইস অ্যাডমিরাল মারাই গেছেন ১৮০৫ সালে! তাহলে দুই শ বছর পর তিনি কি প্রচারণার জন্য মর্ত্যে নেমে এলেন? না, লর্ড নেলসন সশরীরে আসেননি। ‘ট্রাফালগার স্কয়ারে’ তাঁর মূর্তিতে বেঁধে দেওয়া হয়েছে ‘ব্যাক দ্য বিড’ শিরোনামের স্কার্ফ। লন্ডন মেয়র বরিস জনসন বলছেন, ‘আমাদের পক্ষে লর্ড নেলসনের চেয়ে ভালো প্রচারক আর কোথায়!’ দেখা যাক, নেলসন সাহেব ওপর থেকে কী করতে পারেন। ওয়েবসাইট।