অন্যকলাম
বেকহামের শিক্ষাগোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে পড়ে আছেন। খেলাটেলা নেই। ডেভিড বেকহামের সময় কাটছে কী করে? সময় কাটানো নিয়ে দুশ্চিন্তা নেই। বেকহাম এখন গান শিখছেন! এই বয়সে নতুন করে গান গাওয়া শেখাটা একটু বাড়াবাড়ি হয়ে যায় ভেবেই কি না, গান লেখার কৌশল শিখছেন। ‘গুরু’ও খারাপ পাননি। বেকহামকে ‘র্যাপ’ সংগীত শেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের নামকরা র্যাপ-গায়ক ‘স্নুপ ডগ’। সম্প্রতি অ্যাডিডাসের একটা বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে পরিচয় হওয়ার পর বেকহাম স্নুপ ডগের কাছে র্যাপ শেখার আগ্রহ জানিয়েছেন। তো ছাত্র হিসেবে বেকহাম কেমন? স্নুপ ডগ জানাচ্ছেন, খুবই মনোযোগী আর সুবোধ ছাত্র বেকহাম। যাক আরেকটা ক্যারিয়ারের পথ খুলল বেকহামের। ওয়েবসাইট।আনচেলত্তির আশা হোসে মরিনহোর মতো কোচ সাড়ে তিন বছরের বেশি টিকতে পারেননি চেলসিতে। লুই ফেলিপ স্কলারি আর আভরাম গ্রান্টের চেলসি-আয়ু তো ছিল এক বছরেরও কম। চেলসিকে কেউ কেউ তো কোচদের বলির পীঠস্থানও বলতে শুরু করেছেন। এই বলি-স্থানেই এক দশক টিকে থাকতে চান কার্লো আনচেলত্তি। চেলসির ইতালিয়ান কোচকে আশা দেখাচ্ছে আসলে চেলসিতে প্রথম মৌসুমে ঐতিহাসিক ‘ডাবল’ জয়। কিন্তু চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচ কি শুধু এই ডাবলে সন্তুষ্ট থাকবেন? একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা তাঁর বহুদিনের স্বপ্ন। এই স্বপ্নপূরণে ব্যর্থ হয়েছেন বলেই মরিনহো ও স্কলারিকে বলি হতে হয়েছে। আনচেলত্তি যতই আশাবাদী হন, চ্যাম্পিয়নস লিগ জেতাতে না পারলে তাঁরও যে একই দশা হবে, এ আর আশ্চর্য কি! ওয়েবসাইট। অ্যাশেজের সমানইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জন্য কি অ্যাশেজের সমতুল্য কিছু হতে পারে? দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের যে ইতিহাস, তাতে অ্যাশেজ জয়ের সমতুল্য কিছু হওয়ার কথা না। অন্তত ইংল্যান্ডের জন্য তো কোনোক্রমেই না। কিন্তু পল কলিংউড কি না বলছেন, অ্যাশেজ জয়ের সমান আনন্দ পেয়েছেন তিনি। কেন? আনন্দ পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। কলিংউডের যুক্তি সোজা, অ্যাশেজ তো তাঁরা আগেই জিতেছে। কিন্তু বিশ্বকাপ আগে জেতেননি। কিন্তু টি-টোয়েন্টির সঙ্গে অ্যাশেজের তুলনা করে কাজটা কি ভালো করলেন কলিংউড? তাঁর দেশেই না আবার টেস্টপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন! ওয়েবসাইট।