অন্যকলাম
মাথায় হাতক্রিকেট টুর্নামেন্টে একটা দল ভারত মানেই কাঁড়ি কাঁড়ি টাকা। স্পনসররা হামলে পড়ে, প্রচারস্বত্ব পেতে উঠে পড়ে লাগে টেলিভিশন চ্যানেলগুলো। ব্যতিক্রম হয়নি জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজেও, অনেক লড়াইয়ের পর প্রচারস্বত্ব পেয়েছে টেন স্পোর্টস। তবে চ্যানেলটির বিজয়ের হাসি উধাও হয়ে গেছে ভারতের দল ঘোষণার পরই। শীর্ষস্থানীয় সাত ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে দল পাঠাচ্ছে ভারত, স্বাভাবিকভাবেই কমে গেছে দর্শকাগ্রহ। এতে বেঁকে বসেছে স্পনসররা, টেন স্পোর্টসের তাই মাথায় হাত। পরাক্রমশালী ভারতীয় বোর্ডকে তো আর সরাসরি কিছু বলা যায় না, চ্যানেলটির প্রধান অতুল পান্ডে তাই নানাভাবে বুঝিয়েছেন তাঁর অসন্তুষ্টি। তবে বিসিসিআই এটুকুও সহজভাবে নেয়নি, জানিয়ে দিয়েছে দল বাছাইয়ে কোনো চ্যানেলের হস্তক্ষেপ বরদাশত করবে না তারা। ওয়েবসাইট।আসিফও...পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর নিয়ে চলছে হাজারো বিতর্ক। ফাঁস হওয়া ভিডিও কতজনের কাণ্ডকীর্তিই না জানিয়ে দিল। অথচ গত কয়েক বছরে যিনি হয়ে উঠেছেন বিতর্কের প্রতিশব্দ, সেই মোহাম্মদ আসিফের নামই শোনা যাচ্ছিল না। তবে কি এই পেসার পুরোপুরি শুধরে নিলেন নিজেকে? ওই সফরে দলের ম্যানেজার আহমেদ রাকিব জানাচ্ছেন, আসিফও ধোয়া তুলসীপাতা ছিলেন না। একটি টেস্টে নাকি শেন ওয়াটসনকে ‘ব্লাডি হোয়াইট’ বলে গালি দিয়েছিলেন আসিফ। সেদিনই রাতে সংবাদ সম্মেলন করে এটা জানানোর আয়োজনও নাকি করে ফেলেছিলেন রিকি পন্টিং। রাকিব পরে অস্ট্রেলিয়ান ম্যানেজার স্টিভ বার্নার্ডকে বুঝিয়ে-সুজিয়ে ব্যাপারটা ধামাচাপা দেন। ওয়েবসাইট।ভাইয়ে-ভাইয়ে মিলনিজে পরকীয়ায় জড়িয়ে হারিয়েছেন জাতীয় দলের অধিনায়কত্ব। মা আবার দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে সাজাও পেয়েছিলেন। বাবা এই কিছুদিন আগে মাদক ব্যবসার অপরাধে সাজা পেয়েছেন। এবার তাঁর ভাইয়ের বিরুদ্ধেও উঠল অন্যের প্রেমিকা ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। বলতেই হচ্ছে, পরিবার বটে! কার পরিবার? জন টেরির! টেরির ভাই পল নিজেও একজন ফুটবলার। খেলেন অবশ্য অখ্যাত ক্লাব রুশডেন অ্যান্ড ডায়মন্ডসের হয়ে। অভিযোগ উঠেছে, ভাই জনের মতোই পলও নাকি দলের গোলরক্ষক ডেল রবার্টসের বাগদত্তার সঙ্গে গোপনে প্রেম করেছেন! টেরি যেটা করেছিলেন সাবেক সতীর্থ ওয়েইন ব্রিজের প্রেমিকার সঙ্গে। ভাইয়ে ভাইয়ে ভালোই মিল! ওয়েবসাইট।