অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়ানের নানি
বয়স ৮৯। মিলা সোয়ান এখন প্রহর গুনছেন শেষ সময়ের। কিন্তু অশীতিপর এই বৃদ্ধাও বুঝেছেন নাতির সঙ্গে অন্যায় করা হয়েছে। নাম শুনেই বোধহয় ধরে ফেলেছেন নাতিটা কে? গ্রায়েম সোয়ানের অবাক অবসর নিয়েই মুখ খুলেছেন নানি মিলা সোয়ান। নাতির এভাবে বিদায়ের পেছনে একটা ষড়যন্ত্রের গন্ধও খুঁজে পেয়েছেন মিলা। সেটা কেমন? মিলার ধারণা, একজন বিশেষ অস্ট্রেলিয়ান ক্রিকেটারই এর জন্য দায়ী। খুব খারাপ না করলে কোনোভাবেই নাতি অবসরের সিদ্ধান্ত নিতেন না বলেই দাবি মিলার। কিন্তু ‘অপরাধীটা’ কে? এবার মিলা একেবারে কুলুপ এঁটে রেখেছেন। কোনোভাবেই উদ্ধার করা যায়নি ‘নাটের গুরুর’ নাম! এএফপি।
‘অন্য’ বেকহাম
নিজের দেশের চেয়ে বরং এশিয়াতেই ডেভিড বেকহামের জনপ্রিয়তা বেশি হতে পারে। এই জনপ্রিয়তাকে অন্যভাবে কাজে লাগাতে চাইছে লাস ভেগাস স্যান্ডস নামের একটা ক্যাসিনো। ম্যাকাওর এই ক্যাসিনোর প্রচারদূত হিসেবে কাজ করবেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। এশিয়াতে ক্যাসিনোর স্বর্গরাজ্য এই ম্যাকাও। মজার ব্যাপার, ম্যাকাও হলো চীনের একটা অংশ, চীনে কিন্তু ক্যাসিনো আইনত অবৈধ। সেই চীনে ইংলিশ মিডফিল্ডারের জনপ্রিয়তার কথা কে না জানে? দেখা যাবে, এক বেকহামে মুগ্ধ চীনারা দল বেঁধে চলে আসছে ম্যাকাওয়ে! ওয়েবসাইট।
অবসরের পর
শচীন টেন্ডুলকারের জীবনটা ফাঁকা ফাঁকা লাগে এখন? হঠাৎ কোনো কোনো দিন নিজেকে খুব অসহায় ভাবেন রিকি পন্টিং? অবসর নেওয়ার পর অনেক ক্রিকেটারই এমন হতাশায় ভোগেন বলে দেখা গেছে সিডনি মর্নিং হেরাল্ড-এর সাম্প্রতিক এক জরিপে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে করা হয়েছে এ জরিপ, যাতে উঠে এসেছে অবসরের পর প্রথম দুই সপ্তাহ হতাশায় ডুবে গিয়েছিলেন শতকরা ৩৯ ভাগ ক্রিকেটারই। ওই সময়টা নিজেদের অসহায় মনে হতো তাঁদের। ৪৩ ভাগ ক্রিকেটারের ভাষ্য, অবসরের পর এমনই হতাশা পেয়ে বসেছিল, আত্মপরিচয় সংকটেও নাকি ভুগতে শুরু করেন! ওয়েবসাইট