অন্যকলাম
আবার মিসফেবারিট হয়ে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শেষ পর্যন্ত খালি হাতে ফিরেছে ভারতীয় দল। এই আফসোস তো আছেই। ধোনি বিশ্বকাপ নিয়ে আফসোস করছেন আরও একটা কারণে। এবারও স্নাতক পরীক্ষাটা দেওয়া হলো না তাঁর। গত বছরই রাচির সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ‘অফিস ম্যানেজমেন্ট ও সেক্রেটারিয়েট প্র্যাকটিস’ বিষয়ে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেবার পরীক্ষা দিতে পারেননি খেলার জন্য। আর পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস জানাচ্ছে, এবার গত ১০ মে থেকে শুরু হওয়া পরীক্ষায় ধোনি অংশ নিতে পারলেন না টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। পিটিআই।ফেসবুক বন্ধঅফিসে ফেসবুক বা টুইটার বন্ধ বলে হতাশ? মুণ্ডুপাত করছেন ‘বস’ কিংবা কর্তৃপক্ষের? হতাশ হবেন না। বরং এই ভেবে খুশি হতে পারেন, এই একটা জায়গায় আপনি আর তোরেস-ক্যাসিয়াসরাও সমান! কোচ ভিসেন্তে দেল বস্ক যে বিশ্বকাপ দলে থাকা ফুটবলারদের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। স্পেন দলের কেউ ফেসবুক বা টুইটার এখন থেকে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন না। টুইটার কিংবা ফেসবুকে বেফাঁস মন্তব্য করে ঝামেলায় পড়েছেন অনেক খেলোয়াড়ই। প্রথম শিরোপার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযানে নামা স্পেন চায় না অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলায় জড়াতে। আর তাই দেল বস্কের এই বারণ। রয়টার্স।