অন্যকলাম

টুপির জন্য!
কোচের সঙ্গে খেলোয়াড়ের বিরোধ হতেই পারে। ফুটবলে এটা আকছারই হয়। অনেক সময় বেঞ্চে বসে থেকেই মূল্য দিতে হয় খেলোয়াড়দের। যেটা দিতে হয়েছিল ইমানুয়েল আদেবায়োরকে। সম্প্রতি বরখাস্ত হওয়া কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল আদেবায়োরের। কী নিয়ে? স্রেফ একটা হ্যাট নিয়ে! অনুশীলনে ভিন্ন ধরনের হ্যাট পরে এসেছিলেন আদেবায়োর। পছন্দ হয়নি এভিবির। আদেবায়োরও নাছোড়বান্দা। ব্যস, লেগ গেল দুজনের! পরে দলে জায়গাটাই হারিয়ে ফেললেন আদেবায়োর। এখন এভিবি নেই। আদেবায়োর দলে ফিরেছেন, গোলও পাচ্ছেন। এখন পছন্দের হ্যাটটা পরতে নিশ্চয়ই সমস্যা নেই টোগোলিজ স্ট্রাইকারের! ওয়েবসাইট।
মহৎ দৌড়
অংশ নেবে প্রায় ১০ হাজার প্রতিযোগী। এদের মধ্যে আছে শারীরিক প্রতিবন্ধী, আছে অশীতিপর নারী, সেরেব্রাল পালসিতে আক্রান্ত শিশু। দৌড়াবেন সৌরভ গাঙ্গুলী, বাইচুং ভুটিয়াদের মতো মাঠ কাঁপানো তারকারা। থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তাসহ আরও অনেকে। তাঁরা সবাই কাল দৌড়াবেন কলকাতা ম্যারাথনে। উদ্দেশ্যটা মহৎ। ক্যানসারে আক্রান্ত যেসব শিশুর সুচিকিৎসা হচ্ছে না, তাদের জন্য তহবিল গড়তেই এই দৌড়। শুধু পশ্চিমবঙ্গ নয়, পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের মতো দূরদূরান্ত থেকেও আসবেন অনেকে। দৌড় হবে পাঁচ ক্যাটাগরিতে—ম্যারাথন, মিনি ম্যারাথন, ফান রেসি, করপোরেট রান ও স্কুল রান। সবসুদ্ধ কম না, দৌড়াতে হবে ৬০ কিলোমিটার! ওয়েবসাইট।